প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-সর্বভারতীয় স্তরে বিজেপির নতুন কেন্দ্রীয় পদাধিকারী কমিটি ঘোষণার পরপরই টিমকে শুভেচ্ছা জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বড় বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সোমবার (১৭ আগস্ট ২০২৬) নিজের অফিশিয়াল এক্স (X) হ্যান্ডেলে একটি পোস্টের মাধ্যমে দলের নতুন দায়িত্বপ্রাপ্তদের আন্তরিক অভিনন্দন জানান তিনি।বিজেপির জাতীয় সভাপতি নীতিন নবীন সোমবার যে নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা করেছেন, তাকে স্বাগত জানিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এক্স (X) পোস্টে হুবহু লিখেছেন:”বিজেপির নবনিযুক্ত জাতীয় পদাধিকারী এবং যারা দলের বিভিন্ন দায়িত্বে এসেছেন, তাঁদের সকলকে অভিনন্দন। এই নবনিযুক্ত টিম সাংগঠনিক অভিজ্ঞতা, নতুন উদ্দীপনা এবং মাঠপর্যায়ের জনসংযোগকে একত্রিত করেছে।” প্রধানমন্ত্রী তাঁর পোস্টে আরও যোগ করেন যে, তিনি সম্পূর্ণ আশাবাদী এই নতুন টিম ভারতীয় জনতা পার্টিকে (BJP) আরও শক্তিশালী করতে এবং জনসেবামূলক কাজে নিজেদের সেরাটা উজাড় করে দেবে। শেষে তিনি নতুন কমিটির সকল সদস্যকে শুভেচ্ছা জানান।
২০২৯ সালের সাধারণ নির্বাচন ও আসন্ন রাজ্যগুলির বিধানসভা ভোটের কথা মাথায় রেখে নীতিন নবীনের এই নতুন কমিটিতে শীর্ষ নেতৃত্বের পূর্ণ সবুজ সংকেত রয়েছে। এই কমিটিতে সগৌরবে প্রত্যাবর্তন ঘটেছে স্মৃতি ইরানি ও রাম মাধব-এর মতো হেভিওয়েটদের। পাশাপাশি দলের জাতীয় কোষাধ্যক্ষ করা হয়েছে কেন্দ্রীয় মন্ত্রী পীযূষ গোয়েল-কে। আইটি সেলের দায়িত্ব দেওয়া হয়েছে দীপক মাহাস্কে-কে। পশ্চিমবঙ্গের রাজনৈতিক সমীকরণ চাঙ্গা করতে রাজ্য থেকে আদিবাসী নেতা তথা আলিপুরদুয়ারের সাংসদ মনোজ টিগ্গা-কে সর্বভারতীয় সম্পাদক এবং কলকাতার বিশিষ্ট চিকিৎসক ডঃ মধুছন্দা কর-কে সর্বভারতীয় সহ-সভাপতি পদে বসানো হয়েছে।
প্রধানমন্ত্রীর এই অভিনন্দন বার্তা স্পষ্ট করে দিল যে, নতুন সভাপতি নীতিন নবীনের নেতৃত্বে তৈরি হওয়া এই ভারসাম্যযুক্ত টিমকে সামনে রেখেই আগামী দিনে অল-আউট লড়াইয়ে নামছে গেরুয়া শিবির।