প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-রাজ্য রাজনীতিতে গভীর উদ্বেগের ছায়া। গত দু-তিন দিন ধরে নতুন দিল্লির এইমস (AIIMS) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন প্রবীণ সিপিএম নেতা তথা বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু। দলের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম বিমান বসুর এই অসুস্থতা এবং তাঁর বুকে জরুরি ভিত্তিতে পেসমেকার বসানোর খবরটি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছেন।
গত শুক্রবার দলের একটি কর্মসূচিতে যোগ দিতে কলকাতা থেকে দিল্লি গিয়েছিলেন ৮৭ বছর বয়সী এই বর্ষীয়ান নেতা। কিন্তু মাঝ আকাশে বিমানে থাকা অবস্থাতেই তিনি সামান্য শারীরিক অস্বস্তি ও অসুস্থতা বোধ করেন। দিল্লি বিমানবন্দরে নামার পর তাঁকে প্রথমে দিল্লির দলীয় দফতর এ কে গোপালন ভবনে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকরা পরীক্ষা করে তাঁর শরীরে অক্সিজেনের ঘাটতি দেখতে পান এবং দ্রুত হাসপাতালে ভর্তির পরামর্শ দেন। চিকিৎসকদের পরামর্শ মেনেই তাঁকে দিল্লির বিখ্যাত এইমস হাসপাতালে ভর্তি করা হয়।
হাসপাতালে ভর্তির পর প্রবীণ এই নেতার হৃদযন্ত্রের দীর্ঘদিনের সমস্যা বিবেচনা করে এইমসের কার্ডিওলজি বিভাগের চিকিৎসকরা তাঁর বুকে একটি পেসমেকার বসানোর (Pacemaker Implantation) সিদ্ধান্ত নেন। একই সাথে তাঁর একটি ‘ইলেক্টিভ পারকিউটেনিয়াস হার্ট ভালভ প্রতিস্থাপন’-এর প্রক্রিয়াও সফলভাবে সম্পন্ন হয়েছে। এই বিষয়ে সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম তাঁর সামাজিক মাধ্যমে ও গণমাধ্যমে জানিয়েছেন, “উদ্বেগের বা চিন্তার কোনও কারণ নেই। চিকিৎসকদের সঙ্গে আমাদের নিয়মিত যোগাযোগ রয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন অস্ত্রোপচার সফল হয়েছে এবং বিমানদা দ্রুত সুস্থ হয়ে উঠছেন। তিনি এখন সম্পূর্ণ স্থিতিশীল।” তবে ইনফেকশনের ঝুঁকি এড়াতে চিকিৎসকরা এই মুহূর্তে দলের নেতাকর্মী ও সাধারণ মানুষকে হাসপাতালে গিয়ে তাঁর সঙ্গে দেখা না করার কড়া পরামর্শ দিয়েছেন।
বিমান বসুর এইমসে ভর্তির খবর প্রকাশ্যে আসার মাঝেই জানা গেছে, রাজ্যের প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের স্ত্রী মীরা ভট্টাচার্যও গুরুতর অসুস্থ হয়ে কলকাতার আলিপুরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন। মূলত পেটে ব্যথা এবং হালকা শ্বাসকষ্টজনিত কারণে তাঁকে শুক্রবার সকালে হাসপাতালে ভর্তি করানো হয় এবং তাঁর এন্ডোস্কোপি ও বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা চলছে। একই দিনে বাম আন্দোলনের দুই অভিভাবক-সম ব্যক্তিত্বের হাসপাতালে ভর্তির খবরে রাজনৈতিক মহলে গভীর উদ্বেগ তৈরি হয়েছে। আপাতত চিকিৎসকদের পর্যবেক্ষণ শেষে আগামী দু-একদিনের মধ্যেই বিমান বসুকে হাসপাতাল থেকে ছুটি দেওয়া হতে পারে।