প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার এবং ভোটার তালিকা সংশোধনের বিশেষ প্রক্রিয়া (SIR) বিতর্ক ঘিরে এই মুহূর্তে তোলপাড় জাতীয় রাজনীতি। এই আবহে বুধবার দিল্লিতে আয়োজিত বিরোধী ‘ইন্ডি’ (INDIA) জোটের মেগা বৈঠকে যোগ দিতে দিল্লি উড়ে গিয়েছেন তৃণমূল সুপ্রিমো তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও দলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। কিন্তু প্রাক্তন মুখ্যমন্ত্রীর এই দিল্লি সফরকে কেন্দ্র করেই এবার অত্যন্ত গুরুতর এবং বিস্ফোরক অভিযোগ তুলে সরাসরি কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ও দিল্লি পুলিশকে ময়দানে নামার আহ্বান জানালেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মমতা বন্দ্যোপাধ্যায়ের এই দিল্লি সফরকে তীব্র কটাক্ষ করে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তাঁর উদ্দেশ্য নিয়ে বড়সড় প্রশ্ন তুলেছেন এবং দেশের নিরাপত্তার স্বার্থে এক নজিরবিহীন বার্তা দিয়েছেন।

মঙ্গলবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই দিল্লি সফরকে সরাসরি আক্রমণ করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি অত্যন্ত কড়া ভাষায় বলেন, “‘ইন্ডির’ পিণ্ডি অনেকদিন আগেই চটকে গিয়েছে। সিপিএম নেতাদের সঙ্গে নতুন চক্রান্ত আর ‘দিমাগি নকশালদের’ পরামর্শ দিতে ও বৈঠক করতে সেখানে যাচ্ছেন উনি।” মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক সমীকরণকে নিশানা করে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আরও যোগ করেন, “যিনি প্রকাশ্যে ‘আজাদি’ স্লোগান দেন, তিনি এবার কী করতে পারেন তা সকলেই জানেন। ওঁর একহাতে রয়েছে জামাত আর অন্যহাতে রয়েছে ‘দিমাগি নকশাল’। বর্তমানে ওঁর মূল মন্ত্রণাদাতাই হয়েছে এই দিমাগি নকশালরা, এদের দু’জনকে নিয়েই উনি চলছেন।”

মমতা বন্দ্যোপাধ্যায়ের এই রাজনৈতিক গতিবিধির ওপর তীক্ষ্ণ নজরদারি চালানোর দাবি জানিয়ে দেশের এলিট সিকিউরিটি এজেন্সির উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, “আমি দিল্লি পুলিশ এবং কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সেন্ট্রাল আইবি (Intelligence Bureau)-কে স্পষ্টভাবে বলব—খুব ভালো করে নজর রাখবেন। ওঁর গতিবিধির ওপর নজর রাখা হোক, যাতে ওঁর সঙ্গে আবার কোনো দেশবিরোধী শক্তির বৈঠক না হতে পারে।”

পশ্চিমবঙ্গে কয়েক দশক ধরে পরস্পরের ঘোর বিরোধী হিসেবে পরিচিত তৃণমূল কংগ্রেস এবং সিপিআই(এম) যেভাবে দিল্লির মঞ্চে একজোট হয়ে নির্বাচন কমিশনের বিরুদ্ধে সরব হচ্ছে, তাকেও কড়া ভাষায় বিঁধেছেন শুভেন্দু অধিকারী। সিপিএমের সাধারণ সম্পাদক এমএ বেবির সঙ্গে টেলিফোনে যোগাযোগের পর মমতার এই দিল্লিযাত্রাকে মূলত ‘নতুন চক্রান্ত’ হিসেবেই দেগে দিয়েছে বর্তমান রাজ্য বিজেপি নেতৃত্ব। দিল্লির কনস্টিটিউশন ক্লাবে আজ হতে চলা এই মেগা বৈঠকের ঠিক আগের মুহূর্তে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর এই ‘দেশবিরোধী শক্তির সঙ্গে আঁতাতের আশঙ্কা’ এবং আইবি-কে নজর রাখার নির্দেশ জাতীয় রাজনীতিতে এক বিশাল তোলপাড় সৃষ্টি করেছে।