প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-লোকসভার বিরোধী দলনেতা তথা কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীকে নিশানা করে এক নজিরবিহীন ও রহস্যময় পোস্টার বিতর্কে তোলপাড় শুরু হলো সল্টলেক জুড়ে। সল্টলেকের করুণাময়ী মোড় থেকে শুরু করে বিস্তীর্ণ এলাকার দেওয়ালে দেওয়ালে রাতারাতি সাঁটা হয়েছে এই বিতর্কিত পোস্টার। পোস্টার গুলিতে দেশের শীর্ষ কংগ্রেস নেতার সংসদের ভেতরের একটি পুরনো ‘ঘুমন্ত’ ছবি ব্যবহার করা হয়েছে, যা ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে সল্টলেকের রাজনৈতিক মহলে।

আজ, ৩ নভেম্বর ২০২৬ (মঙ্গলবার) সকালে সল্টলেকের বাসিন্দাদের চোখে পড়ে এই সাদা-কালো পোস্টারগুলি। পোস্টারের ওপরের অংশে বড় বড় অক্ষরে প্রশ্ন তোলা হয়েছে—”দেশের নেতা কি এমনই হওয়া উচিত?”। তার ঠিক নিচেই রয়েছে ভারতের সংসদের (Parliament) ভেতরে লোকসভার অধিবেশনে বসা অবস্থায় চোখ বন্ধ করে থাকা রাহুল গান্ধীর একটি ছবি। করুণাময়ী বাস টার্মিনাস, সেন্ট্রাল পার্ক মেট্রো স্টেশন সংলগ্ন এলাকা এবং সল্টলেকের বিভিন্ন ব্লকের মোড়ে মোড়ে এই পোস্টার গুলি দেখা যাওয়ায় সকাল থেকেই সাধারণ মানুষ ও নিত্যযাত্রীদের মধ্যে কৌতুহল ও গুঞ্জন শুরু হয়।

সল্টলেক জুড়ে এই বিপুল পরিমাণ বিতর্কিত পোস্টার রাতারাতি কে বা কারা লাগাল, তা নিয়ে এখনও কোনো স্পষ্ট তথ্য মেলেনি। পোস্টারের নিচে কোনো দল, সংগঠন বা ব্যক্তির নাম উল্লেখ করা নেই। রাজনৈতিক মহলের একাংশের ধারণা, এটি কোনো রাজনৈতিক প্রতিপক্ষের সুপরিকল্পিত প্রচার হতে পারে। তবে কংগ্রেস শিবিরের দাবি, রাহুল গান্ধীর ভাবমূর্তি নষ্ট করার জন্য বিরোধী কোনো গোষ্ঠী মাঝরাতের অন্ধকারে এই কাজ করেছে। ঘটনার পর থেকে এলাকায় সিসিটিভি (CCTV) ফুটেজ খতিয়ে দেখার তোড়জোড় শুরু হয়েছে বলে স্থানীয় সূত্রের খবর। এই নিয়ে সল্টলেক ও বিধাননগর এলাকায় রাজনৈতিক উত্তেজনা নতুন মোড় নিয়েছে।