প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-যে নন্দীগ্রামের জমি আন্দোলনের রক্তাক্ত সিঁড়ি বেয়ে ২০১১ সালে বাংলার মসনদে বসেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, দেড় দশক পর সেই নন্দীগ্রামেই আজ চরম অস্তিত্ব সংকটে তৃণমূল কংগ্রেস! রাজ্যে ক্ষমতার পালাবদল এবং বিধানসভা ভোটে ভরাডুবির পর প্রথম ১০ নভেম্বর (‘অপারেশন সূর্যোদয়’-এর ১৯ বছর পূর্তি) নন্দীগ্রামের মাটি থেকে কার্যত উধাও হয়ে গেল ঘাসফুল শিবিরের চেনা শহিদ স্মরণ কর্মসূচি। আর দলের এই নজিরবিহীন সাংগঠনিক দৈন্যতা ও উদাসীনতা নিয়ে এবার প্রকাশ্যেই বিস্ফোরণ ঘটালেন বেলেঘাটার তৃণমূল বিধায়ক তথা দলের মুখপাত্র কুণাল ঘোষ। মঙ্গলবার (১০ নভেম্বর ২০২৬) নন্দীগ্রামের শহিদ বেদিতে দলের কোনো পরিচিত মুখকে না দেখে এবং বেদির গায়ে গেরুয়া রং দেখে রীতিমতো ক্ষোভে ফেটে পড়েন কুণাল। নাম না করে দলের শীর্ষ নেতৃত্ব— অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায় ঘনিষ্ঠ একাংশের বিরুদ্ধে তোপ দেগে তিনি প্রশ্ন তোলেন, “একটা ভোটে হারার পর আমাদের কী হলো? তৃণমূল কংগ্রেসের কোনো সাংগঠনিক কর্মসূচির খবরই তো আসছে না!”
একসময় যে ১০ নভেম্বর নন্দীগ্রামের গোকুলনগর, তেখালি থেকে শুরু করে সোনাচূড়া পর্যন্ত তৃণমূলের তাবড় নেতাদের ঢল নামত, এবার সেখানে দেখা গেল উল্টো ছবি। দলের শীর্ষ নেতাদের স্মরণ সীমাবদ্ধ থাকল কেবল সোশ্যাল মিডিয়ার পোস্টেই। এই বিষয়টিকে তীব্র কটাক্ষ করে কুণাল ঘোষ সংবাদমাধ্যমের সামনে বলেন, “শহিদ বেদিতে মালা না দিয়ে কেবল ফেসবুকে পোস্ট করে আমাদের শহিদ দিবস পালন করতে হবে? এটা কখনোই কাম্য নয়। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যে নন্দীগ্রাম আন্দোলন হয়েছিল, আজ সেই শহিদ প্রণামে দলের নেতা-কর্মীদের দেখা যাবে না কেন? আত্মসমালোচনা দরকার আমাদের।” কুণালের অভিযোগ আরও মারাত্মক। তিনি জানান, নন্দীগ্রামে শহিদ দিবসের কর্মসূচিতে যাওয়ার জন্য দল থেকে তাঁকে কেউ ডাকেননি। এমনকি তিনি পূর্ব মেদিনীপুরের সাংগঠনিক বিপর্যয় নিয়ে দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জানিয়েও কোনো সদর্থক সাড়া পাননি। শেষ পর্যন্ত নিজের উদ্যোগেই সাংসদ দোলা সেনকে পাশে নিয়ে নন্দীগ্রামে গিয়ে শহিদ বেদিতে মালা দেন তিনি।
দলের অন্দরের ‘স্তাবক’ ও ‘অযোগ্য’ নেতাদের নিশানা করে কুণাল বলেন, “নন্দীগ্রামে কাদের হাতে দায়িত্ব দেওয়া হয়েছিল? কারা সংগঠন চালালেন? শুভেন্দু সন্ত্রাস করেছে বলে দায় এড়ানো চলবে না। বাস্তব হলো, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তাঁর জেলায় অত্যন্ত আগ্রাসী সংগঠন নিয়ে এগিয়েছেন। আর আমাদের যাঁরা দায়িত্বে ছিলেন, তাঁরা মাটির বাস্তবতা না বুঝে কেবল ইভেন্ট ম্যানেজমেন্টে ব্যস্ত ছিলেন।” এমনকি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মস্তিষ্কপ্রসূত ‘সেবাশ্রয়’ প্রকল্পের রূপায়ণ নিয়েও এদিন প্রশ্ন তুলেছেন কুণাল।
তৃণমূল যখন কার্যত গৃহবন্দি হয়ে সোশ্যাল মিডিয়ায় শ্রদ্ধা জানাচ্ছে, ঠিক সেই দিনেই নন্দীগ্রামের মাটিতে দাঁড়িয়ে বিরাট শক্তি প্রদর্শন করলেন রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ২০০৮ সাল থেকে চলে আসা ভূমি উচ্ছেদ প্রতিরোধ কমিটির (BUPC) মঞ্চ থেকে শহিদ পরিবারগুলিকে সঙ্গে নিয়ে ১০ নভেম্বরের শহিদ তর্পণ করেন তিনি। সেখানে দাঁড়িয়ে বিগত ১৫ বছরের তৃণমূল শাসনকে তীব্র আক্রমণ করে মুখ্যমন্ত্রী বলেন, “১৫ বছর ক্ষমতায় থেকেও ওরা শহিদ পরিবারের জন্য ডেথ সার্টিফিকেটের ব্যবস্থা করেনি। আমরা সরকারে আসার পর সেই ডেথ সার্টিফিকেট এবং রাজ্য সরকারের তরফে ৪ লক্ষ টাকা ক্ষতিপূরণের ব্যবস্থা করেছি।” সব মিলিয়ে, যে নন্দীগ্রাম একদিন তৃণমূলকে ক্ষমতার শিখরে বসিয়েছিল, আজ ক্ষমতাহীন অবস্থায় সেই নন্দীগ্রামই তৃণমূলের অন্দরের ফাটল ও সাংগঠনিক দেউলিয়াপনা গোটা বাংলার সামনে নগ্ন করে দিল।