প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-একটা সময় যাঁরা দিল্লির নির্বাচন কমিশনকে দিনরাত ‘পক্ষপাতদুষ্ট’ বলে কাঠগড়ায় তুলতেন, যাঁদের গলায় শোনা যেত কমিশনের বিরুদ্ধে একের পর এক তীব্র বিষোদ্গার—আজ নিজেদের পুরনো নাম আর ‘জোড়াফুল’ প্রতীকটুকু বাঁচাতে সেই কমিশনের দুয়ারেই ট্রাক বোঝাই কাগজ নিয়ে ছুটতে হচ্ছে! তাও আবার প্রতিপক্ষের ৬ ট্রাকের পাল্টা মাত্র ২ ট্রাক! রাজনীতির ময়দানে অস্তিত্ব রক্ষার লড়াই যে কতটা করুণ ও হাস্যকর হতে পারে, রবিবার (১৫ নভেম্বর) দিল্লির নির্বাচন সদনের সামনে যেন ঠিক সেই ছবিই দেখল গোটা দেশ। নিজেদের ‘আসল’ তৃণমূল কংগ্রেস প্রমাণ করতে দিনকয়েক আগেই দিল্লির নির্বাচন সদনে ৬ ট্রাক ভর্তি নথি জমা দিয়েছিল বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন ‘গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেস’। আর তার জবাবে রবিবার মাত্র ২ ট্রাক ভর্তি হলফনামা জমা দিয়েই নিজেদের ‘আসল’ বলে দাবি করলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন ‘মমতা তৃণমূল কংগ্রেস’ (কালীঘাট শিবির)-এর সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়।
রবিবার দুপুরে দিল্লির নির্বাচন সদনে নথিভর্তি ২টি ট্রাক নিয়ে হাজির হন শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং রাজ্যসভার সাংসদ দোলা সেন। কমিশনে নথি জমা দেওয়ার পর কল্যাণ বন্দ্যোপাধ্যায় দাবি করেন, তাঁদের জমা দেওয়া নথির মধ্যে রয়েছে পশ্চিমবঙ্গের ৩২ জন বিধায়ক এবং লোকসভা-রাজ্যসভা মিলিয়ে ১৭ জন সাংসদের হলফনামা। এছাড়াও ২ লক্ষের কিছু বেশি কর্মীর সমর্থনপত্র জমা দেওয়া হয়েছে বলে দাবি তাঁর। কিন্তু কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের এই পরিসংখ্যান সামনে আসতেই তীব্র কটাক্ষের ঝড় উঠেছে বাংলার রাজনৈতিক মহলে। ওয়াকিবহাল মহল ও বিরোধী শিবিরের প্রশ্ন— যে দল একসময় বাংলায় দু’শোর বেশি আসন নিয়ে দাপিয়ে বেড়াত, ভাঙনের পর তাদের ঝুলিতে আজ মাত্র ৩২ জন বিধায়ক! যেখানে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের শিবির সংখ্যাগরিষ্ঠ বিধায়ক ও ১২ লক্ষেরও বেশি কর্মীর হলফনামা নিয়ে ৬ ট্রাক নথি জমা দিয়েছে, সেখানে মাত্র ২ ট্রাক কাগজ আর ৩২ জন বিধায়ক নিয়ে কোন মুখে ‘আসল’ দলের দাবি করছে কালীঘাট শিবির? রাজনৈতিক বিশ্লেষকদের একাংশের কটাক্ষ, সংখ্যাতত্ত্বে যে কালীঘাট শিবির অনেকটাই পিছিয়ে পড়েছে, ২ ট্রাকের এই পরিসংখ্যানই তার সবচেয়ে বড় প্রমাণ। কার্যত হার নিশ্চিত জেনেই কি দিল্লির রাজপথে এই ‘ট্রাক-যুদ্ধের’ নাটক মঞ্চস্থ করা হলো? প্রশ্ন তুলছে বিরোধী শিবির।
এদিন নথি জমা দিয়ে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের গোষ্ঠীকে আক্রমণ করে কল্যাণ বন্দ্যোপাধ্যায় দাবি করেন, “আমাদের কাছে আসল হলফনামা আছে, তাই কোনো ভয় নেই। ওদের কাছে ভুয়ো হলফনামা আছে। পশ্চিমবঙ্গে পুলিশ প্রশাসনের চাপ দিয়ে নেতা-কর্মীদের সই করানো হয়েছে।” যদিও কালীঘাট শিবিরের এই অভিযোগকে স্রেফ ‘দেউলিয়া রাজনীতির অজুহাত’ বলে উড়িয়ে দিয়েছে গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেস। ঋতব্রত-শিবিরের পাল্টা তোপ, ক্ষমতা হারানোর পর যে দলের সাংগঠনিক ভিতই ধসে গিয়েছে এবং বিধায়করা একে একে মুখ ফিরিয়ে নিয়েছেন, নিজেদের ব্যর্থতা ঢাকতে এখন তাঁরা পুলিশি চাপের গল্প ফাঁদছেন। রাজনৈতিক মহলের মতে, নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী দলীয় প্রতীক দখলের লড়াইয়ে বিধায়ক, সাংসদ এবং সাংগঠনিক পদাধিকারীদের সংখ্যাগরিষ্ঠতাই শেষ কথা বলে। সেখানে ৬ ট্রাকের বিপরীতে মাত্র ২ ট্রাক নথি জমা দিয়ে কালীঘাট শিবির আদতে নিজেদের সাংগঠনিক দৈন্যদশাকেই দিল্লির রাজপথে প্রকাশ্যে এনে ফেলল। উল্লেখ্য, ২০২৬-এর বিধানসভা নির্বাচনে রাজ্যে পালাবদলের পর (বিজেপি ক্ষমতায় আসার পর) তৃণমূল ভেঙে দুই টুকরো হয় এবং গত সেপ্টেম্বরে নির্বাচন কমিশন ‘তৃণমূল কংগ্রেস’ নাম ও জোড়াফুল প্রতীক স্থগিত (Freeze) রেখে দুই শিবিরকে যথাক্রমে ‘ফুটবল খেলোয়াড়’ এবং ‘খাম’ প্রতীক বরাদ্দ করেছিল। এখন কমিশনের চূড়ান্ত রায়ে ট্রাক-যুদ্ধের যবনিকা কীভাবে পড়ে, সেটাই দেখার।