প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-“৬ লক্ষ টাকা দিয়ে সেটল কর, পুলিশ কাউকে ধরবে না… তুমি তো জানো টেবিল বাই টেবিল টাকা দিতে হয়!”— প্রায় ছয় মিনিটের একটি ভাইরাল অডিও ক্লিপ ঘিরে রবিবার সকাল থেকেই উত্তাল হয়ে উঠেছে পূর্ব বর্ধমানের কাটোয়ার রাজনীতি। অভিযোগের তির খোদ শাসকদল বিজেপির কাটোয়া ৪ নম্বর মণ্ডল সভাপতি সূর্যদেব ঘোষের দিকে। এই ঘটনায় কাটোয়ার এসডিপিও (SDPO)-র কাছে লিখিত অভিযোগ দায়ের করেছে কংগ্রেস। আর এই বিতর্ককে কেন্দ্র করেই এখন বড়সড় প্রশ্ন উঠতে শুরু করেছে রাজনৈতিক মহলে—পূর্বতন জমানার ‘কাটমানি’ ও ‘তোলাবাজি’-র বিরুদ্ধে লড়াই করে যে দল ক্ষমতায় এল, তাদের নিচুতলার একাংশের বিরুদ্ধেই যদি এমন ভয়াবহ অভিযোগ ওঠে, তবে কি আত্মসমালোচনার সময় এসেছে?

সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া প্রায় ৫ মিনিট ৫৫ সেকেন্ডের ওই কথোপকথনে (যার সত্যতা পোর্টালের তরফে স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি) এক ব্যক্তিকে মামলা ও পুলিশের হাত থেকে বাঁচানোর ‘টোপ’ দিয়ে মোটা অঙ্কের টাকার দরদাম করতে শোনা যাচ্ছে। অডিওর কিছু অংশ রীতিমতো শিউরে ওঠার মত
• “৬ লক্ষ টাকা দিয়ে সেটল কর, পুলিশ কাউকে ধরবে না।” “তুমি তো জানো টেবিল বাই টেবিল টাকা দিতে হয়।” • “৬ লাখ টাকা দিয়ে সেটেল কর, বাকিদের তুলিয়ে দেব, পুলিশ এক টাকাও ছাড়ে না।” • “এক লাখ থানা নেবে, আর এক লাখ আমি খাব।”

এই অডিও সামনে আসার পরই আসরে নামে কংগ্রেস। পূর্ব বর্ধমান জেলা কিষাণ কংগ্রেসের সম্পাদক অমিতকুমার মণ্ডল কাটোয়ার এসডিপিও-র দফতরে সূর্যদেব ঘোষ এবং মানব ঘোষ নামে দুই ব্যক্তির বিরুদ্ধে লিখিত অভিযোগ জমা দিয়েছেন। কংগ্রেসের দাবি, ভাইরাল হওয়া ওই কণ্ঠস্বরটি বিজেপি নেতা সূর্যদেব ঘোষেরই। তাঁদের অভিযোগ, পূর্বতন তৃণমূল জমানায় আবাস যোজনায় দুর্নীতিতে অভিযুক্ত নেতা-কর্মীদের ফোন করে মামলার হাত থেকে রেহাই পাইয়ে দেওয়ার আশ্বাস দিয়ে এই ৬ লক্ষ টাকা দাবি করা হচ্ছিল। এমনকী থানার আইসি (IC) এবং দলের নাম করেও টাকার ভাগ চাওয়া হয়েছে বলে অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে।

অভিযোগ ঘিরে শোরগোল শুরু হতেই অবশ্য সমস্ত রাজনৈতিক অভিযোগ নস্যাৎ করেছেন অভিযুক্ত বিজেপি নেতা সূর্যদেব ঘোষ। তাঁর পাল্টা দাবি, এটি একটি পরিকল্পিত রাজনৈতিক চক্রান্ত। তাঁর কথায়, “পারিবারিক ব্যবসার বকেয়া আর্থিক লেনদেন সংক্রান্ত বিষয়ে ওই টাকা চাওয়া হয়েছিল। এর সঙ্গে রাজনীতি বা আবাস যোজনার কোনো সম্পর্ক নেই। কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) প্রযুক্তির অপব্যবহার করে আমার কথোপকথন বিকৃত করে ভাইরাল করা হয়েছে।” অন্যদিকে, বিষয়টি নিয়ে যথেষ্ট অস্বস্তিতে পড়েছে স্থানীয় গেরুয়া শিবিরও। ড্যামেজ কন্ট্রোলে নেমে স্থানীয় বিজেপি বিধায়ক স্পষ্ট জানিয়ে দিয়েছেন, বর্তমান সরকার বা দল কোনোভাবেই দুর্নীতি বা তোলাবাজি বরদাস্ত করে না। পুলিশি তদন্তে যদি এই অভিযোগ বিন্দুমাত্র সত্যি প্রমাণিত হয়, তবে দলের তরফে অবশ্যই কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, পুলিশি তদন্তে এই অডিওর সত্যতা কী বেরোবে, তা সময়ই বলবে। কৃত্রিম বুদ্ধিমত্তার অপব্যবহার হয়েছে নাকি নেপথ্যে সত্যিই কোনো লেনদেনের খেলা চলছিল, তা ফরেনসিক পরীক্ষার বিষয়। কিন্তু এই ঘটনা শাসকদলের জন্য একটি বড় সতর্কবার্তা। সিন্ডিকেট রাজ, কাটমানি আর প্রশাসনিক দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’-এর প্রতিশ্রুতি দিয়ে মানুষ নতুন সরকারকে ক্ষমতায় এনেছে। ক্ষমতার অলিন্দে পা রাখার পর নিচুতলার কিছু নেতা যদি পূর্বতন জমানার সেই একই ‘সেটলমেন্ট’-এর রাস্তায় হাঁটতে শুরু করেন, তবে সাধারণ মানুষের আস্থার জায়গাটা বড়সড় ধাক্কা খাবে। তাই কেবল আইনি তদন্ত নয়, দলের অন্দরেও কড়া নজরদারি ও আত্মসমালোচনার প্রয়োজন এখন সবচেয়ে বেশি।