প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-
এই রাজ্যের মুখ্যমন্ত্রী যতই দাবি করার চেষ্টা করুন যে, তার দল আবার বিপুল আসন নিয়ে ক্ষমতায় আসবে, পরিস্থিতি যে অত্যন্ত কঠিন, তা তিনিও নিজে খুব ভালোমতই বুঝতে পারছেন। ক্যামেরার সামনে বা মানুষের সামনে বলতে হয়, তাই তিনি বলছেন ঠিকই। কিন্তু যে প্রতিষ্ঠান বিরোধী হাওয়া তার সরকারের বিরুদ্ধে কাজ করছে এবং যেভাবে এসআইআর হচ্ছে, তাতে এবার আর কোনোমতেই তৃণমূলের ক্ষমতায় আসার কোনো চান্স নেই। অন্তত সেই ব্যাপারে নিশ্চিত রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপি। আর এসবের মধ্যেই বামেদের পক্ষ থেকে মহম্মদ সেলিম তৃণমূল থেকে বেরিয়ে নতুন দল গঠন করা হুমায়ুন কবীরের সঙ্গে আলোচনা করেছেন। অন্যদিকে আইএসএফও বৃহত্তর জোটে থাকতে পারেন বলে জল্পনা তৈরি হয়েছে। তবে কংগ্রেস এবার বামেদের সঙ্গে আদৌ সেই জোটে সামিল হবে কিনা, তা নিয়ে একটা বড় ধোঁয়াশা দেখতে পাওয়া যাচ্ছে। কেননা যতদূর মনে করা হচ্ছে যে, কংগ্রেস এবার সেই জোটে থাকবে না। স্বাভাবিকভাবেই মহম্মদ সেলিম একটি মন্তব্য করেছেন যে, কংগ্রেসের বর্তমান যিনি প্রদেশ সভাপতি রয়েছেন, তার তৃণমূলের প্রতি একটু বেশি দরদ রয়েছে। আর সেই সময় থেকেই প্রশ্ন তৈরি হয়েছিল, তাহলে কি কংগ্রেস ২০১১ সালের মত এবার তৃণমূলের সঙ্গে জোট করতে চাইছে? এক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায় বা তার দল তৃণমূল কংগ্রেস যতই বলুক যে, তারা ক্ষমতায় আসবেন, সেক্ষেত্রে কংগ্রেস যদি তাদের সঙ্গে জোট করতে ইচ্ছা প্রকাশ করে, তাহলে তারা কি করবেন? বিভিন্ন মহলে এই প্রশ্ন ঘুরপাক খাচ্ছিলো। আর আর দিল্লি থেকে সেই ব্যাপারেই ইঙ্গিতপূর্ণ মন্তব্য করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

২৬ এর বিধানসভা নির্বাচন যত এগিয়ে আসছে, ততই রাজ্য রাজনীতিতে পারদ ক্রমশ চড়তে শুরু করেছে। সব থেকে বেশি এবার যে তৃণমূলের সঙ্গেই বিজেপির হাড্ডাহাড্ডি লড়াই হবে, সেই ব্যাপারে নিশ্চিত সকলেই। তবে বাম এবং কংগ্রেস সহ অন্যান্য রাজনৈতিক দলগুলো কতটা ফ্যাক্টর হবে, তা নিয়েও বিভিন্ন মহলে চর্চা চলছে। এক্ষেত্রে যে সংখ্যালঘু ভোট তৃণমূলের সবথেকে বড় সবেধর নীলমণি বলে পরিচিত, সেই সংখ্যালঘু ভোটে থাবা বসাতে বাম কংগ্রেস সহ হুমায়ুন কবীরের নতুন দল কি একত্রিত হবে, এই চর্চাও বিভিন্ন মহলে শুরু হয়েছে। আর তার মধ্যেই কংগ্রেসের যে মানসিকতা দেখা যাচ্ছে, তাতে তারা বামেদের সঙ্গে এক জোটে এবার সামিল নাও হতে পারে বলেই মনে করছেন একাংশ। আর এখানেই প্রশ্ন তৈরি হয়েছে যে, তাহলে কি তৃণমূলের সঙ্গে জোটে যাবে কংগ্রেস? তবে সেই সম্ভাবনাকে উড়িয়ে দিয়ে তৃণমূল একাই লড়াই করবে বলে জানিয়ে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

এদিন দিল্লিতে সাংবাদিকদের মুখোমুখি হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর সেখানেই বিধানসভা নির্বাচনে বাংলায় কংগ্রেসের সঙ্গে তৃণমূলের জোট নিয়ে তাকে প্রশ্ন করা হয়। আর সেই প্রশ্নের উত্তরে তিনি বলেন, “আমি আপনাকে সন্তুষ্ট করতে পারব না। তৃণমূল কংগ্রেস বাংলায় একাই লড়াই করে। তৃণমূলের বিরুদ্ধে সব দল লড়াই করে। করতে দিন। যে যার নিজের ভাবনা।” বিশেষজ্ঞরা বলছেন, রাজনীতি প্রতি সেকেন্ডে সেকেন্ডে পরিবর্তন হয়। আজকে মুখ্যমন্ত্রী হয়ত কংগ্রেসের সঙ্গে জোটের যে কোনো সম্ভাবনা নেই, তা জানিয়ে দিলেন। কিন্তু প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে যদি এই ব্যাপারে কোনো আর্জি জানানো হয়, সেক্ষেত্রে ভবিষ্যৎ কোন দিকে মোড় নেয়, সেদিকেই নজর থাকবে গোটা রাজনৈতিক মহলের।