প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- যেমনটা সকলে মনে করেছিলেন, ঠিক তেমনটাই হলো সুপ্রিম কোর্টে আজ এসআইআর মামলায় সওয়াল করতে দেখা গেল রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। তার নিজেরও একটি মামলা ছিল। আর সেই মামলার শুনানিতেই তিনি একাধিক বক্তব্য রাখলেন শীর্ষ আদালতের সামনে। যেখানে আধার কার্ড নিয়েও সওয়াল পর্বে অভিযোগ করতে দেখা গেল মমতা বন্দ্যোপাধ্যায়কে। শুধু তাই নয়, রাজনৈতিক মঞ্চ থেকে শুরু করে প্রশাসনিক মঞ্চে তিনি যেভাবে বাংলাকে টার্গেট করার অভিযোগ করেন, সেই একই কথা সুপ্রিম কোর্টেও তুলে ধরলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী।
প্রসঙ্গত, এই রাজ্যের বুকে যেভাবে এসআইআর করা হচ্ছে, তা নিয়ে সোচ্চার হচ্ছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সম্প্রতি দিল্লিতে গিয়ে তিনি নির্বাচন কমিশনের সঙ্গে সাক্ষাৎ করে আসার পরেও গোটা বিষয়টি নিয়ে কটাক্ষ করেছেন। আজ সুপ্রিম কোর্টে তিনি উপস্থিত হয়েছিলেন। সেখানে সওয়াল পর্বে তিনি কি কি বলেন, তার দিকে সকলের নজর ছিলো। আর সেখানেই বলতে উঠে আধার কার্ডকে কেন নথি হিসেবে মান্যতা দেওয়া হচ্ছে না, সেই প্রশ্ন তুলে ধরেন মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি বাংলাকে টার্গেট করা হচ্ছে বলে অভিযোগ করেন তিনি।
এদিন সুপ্রিম কোর্টে শুনানি পর্বে মুখ্যমন্ত্রী বলেন, “আপনারা আধার কার্ড নিতে বলেছিলেন, কিন্তু নেওয়া হয়নি। অন্য নথি চাওয়া হয়েছে। ১০০ জনের বেশি মানুষ মারা গিয়েছে। ভাবতে পারেন! বাংলাকে টার্গেট করা হয়েছে।” এক্ষেত্রে অসমের কথা তুলে ধরে কেন আসামে হয়নি, সেই প্রশ্ন সুপ্রিম কোর্টের সামনে করতে দেখা যায় রাজ্যের মুখ্যমন্ত্রীকে। স্বাভাবিকভাবেই মমতা বন্দ্যোপাধ্যায় যে সমস্ত বক্তব্য আজ শীর্ষ আদালতের সামনে তুলে ধরলেন, তার পরিপ্রেক্ষিতে আদালত কি জানায়, সেদিকেই নজর থাকবে সকলের।