প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-তৃণমূলের ‘আসল মালিকানা’ আর ‘জোড়া ঘাসফুল’ প্রতীক কার দখলে থাকবে? এই নিয়ে দিল্লির নির্বাচন কমিশনের দরবারে এখন কার্যত সম্মুখসমর! একদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন শিবিরের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়, অন্যদিকে ‘গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেস’ শিবিরের মুখ তথা রাজ্যের বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। শুক্রবার (২৭ নভেম্বর) নির্বাচন কমিশনে দুই পক্ষের রুদ্ধদ্বার শুনানির ঠিক চব্বিশ ঘণ্টার মধ্যেই শনিবার (২৮ নভেম্বর) নয়াদিল্লির কনস্টিটিউশন ক্লাবে সাংবাদিক বৈঠক করে রীতিমতো ‘ভিডিও-বোমা’ ফাটালেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কিন্তু প্রশ্ন উঠছে, যে পুলিশ এবং প্রশাসনের নিরপেক্ষতা নিয়ে আজ দিল্লিতে বসে গলা ফাটাচ্ছেন অভিষেক, কয়েক মাস আগেও কি সেই একই সুর শোনা যেত তাঁর গলায়? নাকি ক্ষমতা হারানোর পর এখন ‘যত দোষ নন্দ ঘোষ’ তত্ত্বে পুলিশকে কাঠগড়ায় তুলে নিজের ঘাড় থেকে ব্যর্থতার দায় ঝেড়ে ফেলতে চাইছেন ডায়মন্ড হারবারের সাংসদ?
শনিবার কনস্টিটিউশন ক্লাবে একগুচ্ছ ভিডিও ক্লিপ প্রকাশ্যে এনে অভিষেক বন্দ্যোপাধ্যায় দাবি করেন, ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন শিবিরকে সুবিধা পাইয়ে দিতে রাজ্যের পুলিশ-প্রশাসনকে ব্যবহার করা হচ্ছে। অভিষেকের দাবি অনুযায়ী, থানার ভেতরে বসে পুলিশকর্মীরা ভুয়ো হলফনামা (Affidavit) তৈরি করছেন এবং আইসি-র নির্দেশে সাধারণ মানুষ ও কর্মীদের ভয় দেখিয়ে তাতে সই করানো হচ্ছে। তাঁর আরও বক্তব্য, বর্তমান সরকারের বিরোধিতা করলেই পুলিশ দিয়ে হেনস্থা করা হচ্ছে। উদাহরণ হিসেবে তিনি দাবি করেন, শুক্রবার সাংসদ প্রতিমা মণ্ডলের এক সহযোগীকে গ্রেফতার করা হয়েছে। রীতিমতো চ্যালেঞ্জ ছুড়ে অভিষেক বলেন, “হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট, যত দূর যেতে হয় যাব। আজ যারা এসব করছে, পরে সব হিসেব নেওয়া হবে।” পাশাপাশি অরূপ রায়ের নেতৃত্বে কলকাতার হোটেলে হওয়া ঋতব্রত শিবিরের জাতীয় কর্মসমিতিকেও ‘অবৈধ’ বলে আক্রমণ করেন তিনি। ইতিমধ্যেই নানুর থানার আধিকারিক, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় ও অরূপ রায়ের বিরুদ্ধে অভিযোগও দায়ের করেছে মমতা শিবির।
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই সাংবাদিক বৈঠকের পরই রাজ্য রাজনীতিতে শুরু হয়েছে তীব্র কাটাছেঁড়া। ওয়াকিবহাল মহল এবং বিরোধী শিবিরের একাংশের মতে, অভিষেকের আজকের বক্তব্য যেন ইতিহাসের এক চরম পরিহাস! রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ প্রশ্ন তুলছেন, বিগত ১৫ বছর যখন রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার ছিল, তখন এই একই রাজ্য পুলিশের বিরুদ্ধে বিরোধীরা (বিজেপি, বাম, কংগ্রেস) বারবার দলদাসত্বের অভিযোগ তুলত। তখন অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজেই সেই পুলিশকে ‘দেশের সেরা পুলিশ’ বলে সার্টিফিকেট দিতেন। আজ রাজ্যে ক্ষমতার পালাবদলের পর সেই পুলিশই রাতারাতি ‘ভিলেন’ হয়ে গেল কী করে? যে দলের অন্দরে একসময় অভিষেকের কথাই ছিল শেষ কথা, সেই দলেরই তাবড় নেতা—ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, অরূপ রায়, আখরুজ্জামানের মতো ব্যক্তিরা আজ আলাদা শিবির তৈরি করে দলের প্রতীকের ওপর দাবি জানাচ্ছেন! এমনকি কলকাতা হাইকোর্টের বিচারপতি কৃষ্ণ রাওয়ের বেঞ্চে শোভনদেব চট্টোপাধ্যায়ের মামলায় স্পিকারের সিদ্ধান্ত বাতিল হওয়া নিয়েও আইনি টানাপোড়েন চলছে। রাজনৈতিক মহলের মতে, নিজের দলের ভাঙন রুখতে না পেরে এবং সাংগঠনিক ব্যর্থতা ঢাকতেই এখন ‘পুলিশি সন্ত্রাস’ আর ‘চক্রান্তের’ তত্ত্ব খাড়া করছেন অভিষেক। সাংবাদিক বৈঠকে দাঁড়িয়ে অভিষেক যেভাবে “পরে সব হিসেব নেওয়া হবে” বলে প্রশাসনকে হুঁশিয়ারি দিয়েছেন, তা নিয়েও সমালোচনা শুরু হয়েছে। গণতন্ত্রে আইনি লড়াই লড়ার অধিকার সবার আছে, কিন্তু প্রকাশ্য মঞ্চ থেকে প্রশাসনিক আধিকারিকদের নাম করে ‘হিসেব নেওয়ার’ কথা বলাটা কি আদতে ভয় দেখানোর রাজনীতি নয়?
সব মিলিয়ে, নির্বাচন কমিশনের চূড়ান্ত রায়ের আগে দিল্লিতে বসে অভিষেক বন্দ্যোপাধ্যায় যতই সুর চড়ান না কেন, তাঁর নিজের অতীতের অবস্থান এবং বর্তমানের অসহায়তা—এই দুইয়ের ফারাকটাই এখন বঙ্গ রাজনীতির সবচেয়ে বড় আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে।