প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-বিকেল ৩টের সময় আচমকা একটি মেসেজ এল। আর তাতেই নাকি বদলে গেল সব পরিকল্পনা! শনিবার বিকেলে কালীঘাটের বাসভবন থেকে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করলেন, প্রথমে তাঁর দিল্লি যাওয়ার কোনো পূর্বপরিকল্পনাই ছিল না। কিন্তু বিরোধী ‘ইন্ডিয়া’ (INDIA) জোটের সিনিয়র নেতারা বারবার ফোন করে তাঁকে জরুরি তলব করেছেন এবং তাঁর যাতায়াতের জন্য বিশেষ চার্টার্ড ফ্লাইটের ব্যবস্থাও করেছিলেন। যদিও তিনি সেই প্রস্তাব ফিরিয়ে দিয়ে এয়ার ইন্ডিয়ার সাধারণ উড়ানেই দিল্লি পাড়ি দিয়েছেন।

মমতা বন্দ্যোপাধ্যায়ের এই বক্তব্য প্রকাশ্যে আসতেই তীব্র সমালোচনা ও কটাক্ষ শুরু হয়েছে রাজনৈতিক মহলে। পর্যবেক্ষকদের একাংশের মতে, তৃণমূল নেত্রীর বক্তব্যেই একাধিক স্ববিরোধিতা স্পষ্ট হয়ে উঠেছে। মমতা নিজেই সংবাদমাধ্যমের সামনে বলেছেন, “কেন ডাকা হলো, সেটা না জেনে বলতে পারছি না। দিল্লিতে গিয়ে বৈঠকে না বসলে এবং গোটা বিষয়টি খতিয়ে না দেখলে বলতে পারব না।” রাজনৈতিক বিশ্লেষকদের প্রশ্ন, যে নেত্রী নিজেকে জাতীয় রাজনীতির অন্যতম প্রধান মুখ বলে দাবি করেন, তিনি বৈঠকের বিষয়বস্তু বা এজেন্ডা না জেনেই তড়িঘড়ি দিল্লি ছুটলেন কীভাবে? দিল্লির নেতারা তাঁর জন্য চার্টার্ড বিমানের ব্যবস্থা করেছিলেন, অথচ তিনি সাধারণ যাত্রীদের সঙ্গে এয়ার ইন্ডিয়ার বিমানে যাচ্ছেন—এই তথ্য সামনে এনে আদতে নিজের সাদামাটা জীবনযাপনের ভাবমূর্তি নির্মাণের চেষ্টা করা হচ্ছে বলে কটাক্ষ করেছে বিরোধী শিবির। সমালোচকদের মতে, প্রকৃত রাজনৈতিক সংকট আড়াল করতেই এই ধরনের আবেগঘন বার্তা দেওয়া হচ্ছে। শনিবার সকালেই দিল্লিতে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের বাসভবনে বিরোধী জোটের বৈঠকে তৃণমূলের তরফে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং ডেরেক ও’ব্রায়েন উপস্থিত ছিলেন। তা সত্ত্বেও বিকেলে মমতা বন্দ্যোপাধ্যায়কে আলাদা করে রাজধানীতে ছুটে যেতে হচ্ছে কেন? ওয়াকিবহাল মহলের মতে, আসন পুনর্বিন্যাস বা ডিলিমিটেশন বিলে ডিএমকে (DMK) ও শরদ পাওয়ারের এনসিপি-র মতো শরিকরা কেন্দ্রের প্রস্তাবের দিকে ঝুঁকে পড়ায় বিরোধী শিবিরে কোণঠাসা হওয়ার আশঙ্কাতেই এই ঝটিকা সফর।

একদিকে নাম প্রকাশ না করা শীর্ষ নেতাদের রহস্যময় ফোন, অন্যদিকে নিজের দলের সাংসদদের ধরে রাখার চাপ—সব মিলিয়ে শনিবার বিকেলের এই দিল্লি যাত্রা ঘিরে রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে। সমালোচকদের মতে, চার্টার্ড ফ্লাইট প্রত্যাখ্যানের গল্প শুনিয়ে যতই চমক দেওয়ার চেষ্টা হোক না কেন, সোমবার থেকে শুরু হতে চলা সংসদের বিশেষ অধিবেশনে বিরোধী জোটের ভাঙন রোখা মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষে কার্যত অসম্ভব।