প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-রাজনীতিতে সহানুভূতি কুড়ানো বা ‘ভিকটিম কার্ড’ খেলার কৌশল নতুন কিছু নয়। যখন রাজনৈতিক জমি পায়ের তলা থেকে সরতে শুরু করে, তখন অনেক নেতাই নিজেদের ‘বিপন্ন’ বা ‘আক্রান্ত’ হিসেবে তুলে ধরে জনসমর্থন আদায়ের চেষ্টা করেন। কিন্তু সেই সহানুভূতির কার্ড খেলতে গিয়ে যদি খোদ বিচারপতিদের কাঠগড়ায় তোলা হয়, তবে তার পরিণতি যে কতটা মারাত্মক হতে পারে, বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টে তা হাড়ে হাড়ে টের পেলেন ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। সম্প্রতি কালীঘাটে তাঁর বাসভবনের সামনে বিক্ষোভ ও উত্তেজনার ঘটনাকে হাতিয়ার করে তৃণমূল শিবিরের তরফে লাগাতার প্রচার চালানো হচ্ছিল যে, সাংসদের প্রাণহানির প্রবল আশঙ্কা রয়েছে। কিন্তু রাজনৈতিক মহলের প্রশ্ন— সত্যিই কি প্রাণসংশয়, নাকি হারানো ‘জেড প্লাস’ (Z+) নিরাপত্তার রাজকীয় জৌলুস ফিরে পেতেই এই ‘হামলা তত্ত্ব’ খাড়া করা হচ্ছে?
বৃহস্পতিবার বিচারপতি কৃষ্ণা রাওয়ের এজলাসে অভিষেকের আইনজীবী দাবি করেন, গত মে মাসে নিরাপত্তা কমিয়ে ‘এক্স’ ক্যাটাগরি করার পর গত ছয় মাসে সাংসদের ওপর নাকি ছয়বার হামলার চেষ্টা হয়েছে! কিন্তু ওয়াকিবহাল মহলের প্রশ্ন, একজন হেভিওয়েট সাংসদের ওপর যদি ছয়-ছয়বার হামলার চেষ্টা হয়ে থাকে, তবে তার কয়টি ক্ষেত্রে উপযুক্ত তথ্যপ্রমাণ সহ পুলিশি পদক্ষেপ নেওয়া হয়েছে? নাকি স্রেফ আদালতের নজর কাড়তে এবং ‘জেড প্লাস’ নিরাপত্তা আদায় করতেই এই সংখ্যাটা সামনে আনা হচ্ছে? অন্যদিকে, রাজ্যের বর্তমান বিজেপি সরকারের অবস্থান অত্যন্ত স্পষ্ট। রাজ্যের অতিরিক্ত অ্যাডভোকেট জেনারেল (AAG) বিল্বদল ভট্টাচার্য আদালতে জানিয়েছেন, কেন্দ্রীয় ও রাজ্য গোয়েন্দা সংস্থার রিপোর্ট অনুযায়ী অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ওপর তেমন কোনো বড় মাপের প্রাণনাশের আশঙ্কা (Threat Perception) নেই। তাই সাধারণ মানুষের করের টাকা বাঁচাতেই তাঁর নিরাপত্তা ‘এক্স’ ক্যাটাগরিতে নামিয়ে আনা হয়েছে।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, আইনি পথে নিজের নিরাপত্তা বৃদ্ধির দাবি জানানো যে কোনো নাগরিকের মৌলিক অধিকার। বিচারপতি কৃষ্ণা রাও নিজেও এদিন রাজ্যকে প্রশ্ন করেছেন, হামলার অভিযোগ ওঠার পর নিরাপত্তা পর্যালোচনা (রিভিউ) বৈঠক কেন ডাকা হয়নি। কিন্তু প্রশ্ন উঠছে অন্য জায়গায়— যেখানে আদালত নিজেই নিরাপত্তার বিষয়টি খতিয়ে দেখছে, সেখানে সংবাদমাধ্যমের সামনে বিচারপতিদের ‘মেরুদণ্ড বিক্রি’র মতো কুরুচিকর আক্রমণ করার কী প্রয়োজন পড়ল অভিষেকের? বিরোধীদের কটাক্ষ, আসলে কালীঘাটের ঘটনাকে কেন্দ্র করে ‘ভিকটিম কার্ড’ খেলে তিনি ভেবেছিলেন বিচারব্যবস্থার ওপর মানসিক চাপ সৃষ্টি করে নিজের পছন্দমতো নির্দেশ আদায় করে নেবেন।
বিচারপতি কৃষ্ণা রাও এদিন এজলাসে অত্যন্ত কড়া ভাষায় বুঝিয়ে দিয়েছেন যে, আবেগ, নাটক কিংবা ‘ভিকটিম কার্ড’ দিয়ে অন্তত আদালতের এজলাস জয় করা যায় না। বিচারপতি যখন তীব্র শ্লেষের সঙ্গে বলেন, “আপনার মক্কেল তো খুব বুদ্ধিমান! কোন কোন বিচারপতি বিজেপির, আর কে কে তৃণমূলের— তার একটা তালিকা দিন”— তখনই স্পষ্ট হয়ে যায় যে, সহানুভূতি কুড়ানোর সব ছক ভেস্তে গিয়ে অভিষেক নিজেই নিজের ফাঁদে পা দিয়ে ফেলেছেন। সব মিলিয়ে, নিরাপত্তা ফিরে পাওয়ার লড়াইয়ে নেমে বিচারপতিদের গায়ে রাজনৈতিক রঙ মাখানোর যে ভয়ংকর খেলায় অভিষেক মেতেছিলেন, তা শেষ পর্যন্ত বুমেরাং হয়ে তাঁর নিজের রাজনৈতিক বিশ্বাসযোগ্যতাকেই প্রশ্নের মুখে দাঁড় করিয়ে দিলো।