প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-বিশ্ব বাংলা কনভেনশন সেন্টার থেকে হাওড়ার সাঁকরাইলে তৈরি হতে চলা আমূলের ৭০০ কোটি টাকার মেগা প্রকল্পের ভার্চুয়াল শিলান্যাস করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এই অনুষ্ঠান মঞ্চ থেকেই বাংলার পূর্বতন তৃণমূল সরকারের তীব্র সমালোচনা করে একে এককালে ‘ক্রিমিনাল-সরকার’ বলে তোপ দাগেন তিনি। একই সাথে রাজ্যে হওয়া রাজনৈতিক পরিবর্তনকে দেশের স্বাধীনতার পর অন্যতম উল্লেখযোগ্য রাজনৈতিক রূপান্তর বলে অভিহিত করেন শাহ।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ‘সহকার সে সমৃদ্ধি’ এবং হোয়াইট রেভলিউশন ২.০-র লক্ষ্যকে সামনে রেখে আমূলের এই মেগা ডেয়ারি প্রজেক্টের ভূমিপূজন সম্পন্ন হল। হাওড়া ফুড পার্কের ১৫ একর জমিতে তৈরি হতে চলা এই প্ল্যান্টটি সম্পূর্ণ হলে প্রতিদিন প্রায় ১০ লক্ষ কেজি দই ও অন্যান্য দুগ্ধজাত পণ্য উৎপাদনে সক্ষম হবে, যা এটিকে বিশ্বের বৃহত্তম দই কারখানার মর্যাদা দেবে। এই প্রকল্পের মাধ্যমে পশ্চিমবঙ্গের প্রায় ১ লক্ষ ২৫ হাজারেরও বেশি প্রান্তিক দুগ্ধচাষী সরাসরি উপকৃত হবেন। অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রীর পাশাপাশি উপস্থিত ছিলেন রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও।
শিলান্যাস অনুষ্ঠান থেকে নাম না করে পূর্বতন মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে কড়া ভাষায় নিশানা করেন অমিত শাহ। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “গোটা দেশকে একসময় পথ দেখাত পশ্চিমবঙ্গ। কিন্তু এতদিন এখানে তৃণমূলের ক্রিমিনাল-সরকার চলেছে, যা সোনার বাংলার স্বপ্নকে শেষ করে দিয়েছিল।” পূর্বতন জমানার মানসিকতাকে খোঁচা দিয়ে তিনি বলেন, “আগের সরকার বলত গুজরাতকে বাংলায় ঢুকতে দেব না। আজ সেই গুজরাত থেকেই পশ্চিমবঙ্গে ৭০০ কোটি টাকার বিনিয়োগ হচ্ছে।” বাংলায় ঘটে যাওয়া রাজনৈতিক পট পরিবর্তন সাধারণ কোনও ঘটনা নয়, বরং স্বাধীনতার পর হওয়া অন্যতম নজিরবিহীন ঘটনা বলে দাবি করেন তিনি।