প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-একুশে জুলাইয়ের মেগা রাজনৈতিক উত্তেজনার মাঝেই হঠাৎ কলকাতায় পা রেখে বঙ্গ রাজনীতিতে তুমুল আলোড়ন ফেলে দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ! ন্যাশনাল লাইব্রেরির এক হাই-প্রোফাইল অনুষ্ঠান থেকে সরাসরি রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে নিয়ে এক অত্যন্ত তাৎপর্যপূর্ণ ও দূরগামী বার্তা দিলেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী। শুধু জনসমক্ষে ঘোষণাই নয়, মুখ্যমন্ত্রী শুভেন্দুর উদ্দেশে তিনি একটি বিশেষ চিঠিও পাঠিয়েছেন বলে এদিন নিজেই খোলসা করেন শাহ, যা নিয়ে ইতিমধ্যেই রাজ্য রাজনীতির অন্দরে শুরু হয়েছে জোর জল্পনা।
ন্যাশনাল লাইব্রেরির ভাষা ভবনে আয়োজিত এক বিশেষ কর্মসূচিতে বক্তব্য রাখতে গিয়ে অমিত শাহ স্পষ্ট ভাষায় বাংলার বর্তমান অগ্রগতির প্রশংসা করেন। তিনি বলেন, “আজ পশ্চিমবঙ্গ ফের সোনার বাংলা হওয়ার দিশায় এগিয়েছে।” এর পরেই সরাসরি রাজ্যের বিজেপি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর প্রসঙ্গ টেনে স্বরাষ্ট্রমন্ত্রী এক চাঞ্চল্যকর তথ্য সামনে আনেন। তিনি জানান, “আমি শুভেন্দু অধিকারীকে একটি চিঠি লিখেছি।” একই সাথে শাহী হুঙ্কার, “আমি আশা করছি, শুভেন্দু অধিকারী আমার আশা পূরণ করবে।”
একদিকে যখন একুশে জুলাইয়ের কর্মসূচি ঘিরে কলকাতার রাজপথ শাসক ও বিরোধী শিবিরের দ্বন্দ্বে উত্তপ্ত, ঠিক সেই আবহেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ওপর অমিত শাহের এই পরম ভরসা এবং বিশেষ চিঠির বার্তা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল। রাজ্যে ক্ষমতার পালাবদলের পর কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার যে বাংলার রূপান্তরের জন্য সম্পূর্ণভাবে মুখ্যমন্ত্রী শুভেন্দুর ওপরই আস্থা রাখছে, শাহের এই মন্তব্যেই তা কার্যত পরিষ্কার।