প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-বুধবারের উত্তেজনাকেও যেন ছাপিয়ে গেল বৃহস্পতিবারের বিধানসভা! গতকাল কী ঘটেছিল তা অতীত, কিন্তু আজ, বৃহস্পতিবার দুপুর ৩টেয় বিধানসভার ভেতরে যা ঘটল, তাতে স্তম্ভিত রাজনৈতিক মহল। বাজেট বক্তৃতা শুরু হওয়ার মুখেই স্পিকার রথীন্দ্র বসুর সঙ্গে সরাসরি নজিরবিহীন সংঘাতে জড়িয়ে পড়লেন তৃণমূল বিধায়ক কুণাল ঘোষ। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছায় যে, নিজের আসন ছেড়ে সোজা স্পিকারের আসনের দিকে ধেয়ে যান তিনি। যার জেরে মুহূর্তে রণক্ষেত্রের চেহারা নেয় বিধানসভা কক্ষ।
আজ দুপুর ৩টের সময় বিধানসভায় ক্রীড়া এবং যুবকল্যাণ দফতরের বাজেট বক্তৃতা শুরু হওয়ার কথা ছিল। কিন্তু অধিবেশন শুরু হতেই গতকালের (বুধবারের) একটি বিতর্কিত ইস্যু নিয়ে নতুন করে সরব হন ‘কালীঘাট তৃণমূল’পন্থী বিধায়ক শোভনদেব চট্টোপাধ্যায়। তিনি গতকালের বিষয় নিয়ে স্পিকারের উদ্দেশ্যে কিছু বলতে চান। কিন্তু গতকালের কোনো প্রসঙ্গ আজ আর শুনতে রাজি হননি বিধানসভার অধ্যক্ষ রথীন্দ্র বসু। তিনি সাফ জানান, আজকের আলোচ্যসূচির বাইরে কোনো কথা হবে না।
স্পিকার গতকালের প্রসঙ্গ বাতিল করতেই ক্ষোভে ফেটে পড়ে বিরোধী পক্ষ। এই আবহেই আচমকা স্পিকারের সঙ্গে তীব্র বাদানুবাদে জড়িয়ে পড়েন কুণাল ঘোষ। পরিস্থিতি মুহূর্তের মধ্যে হাতের বাইরে চলে যায় যখন কুণাল ঘোষ নিজের আসন ছেড়ে সোজা স্পিকারের টেবিল বা আসনের কাছাকাছি চলে যান এবং তীব্র ক্ষোভ উগরে দেন।
কুণাল ঘোষের এই আকস্মিক পদক্ষেপে বিধানসভা কক্ষে চরম উত্তেজনা তৈরি হয়। শাসক দল বিজেপির বিধায়করাও পাল্টা চিৎকার শুরু করলে স্পিকারের নির্দেশ অচল হয়ে পড়ার মতো পরিস্থিতি তৈরি হয়। গতকালের ঘটনার রেশ টেনে আজ যেভাবে অধিবেশন কক্ষ উত্তাল হলো, তাতে বাজেট অধিবেশনের কাজ সাময়িকভাবে থমকে যায়।