প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-পশ্চিমবঙ্গের সাধারণ মানুষের জন্য বিনামূল্যে বিশ্বমানের চিকিৎসা পরিষেবা নিশ্চিত করতে এক যুগান্তকারী ও ঐতিহাসিক ঘোষণা করল রাজ্য সরকার। আগামী ১৬ই অগস্ট ২০২৬ (রবিবার) থেকে গোটা রাজ্য জুড়ে আনুষ্ঠানিকভাবে চালু হতে চলেছে কেন্দ্রের মেগা স্বাস্থ্যবিমা প্রকল্প ‘আয়ুষ্মান ভারত’ (AB-PMJAY)। এই প্রকল্পের আওতায় রাজ্যের যোগ্য পরিবারগুলি প্রতি বছর সর্বোচ্চ ৫ লক্ষ টাকা পর্যন্ত সম্পূর্ণ বিনামূল্যে ক্যাশলেস চিকিৎসার সুবিধা পাবেন। এদিন এক গুরুত্বপূর্ণ প্রশাসনিক বৈঠকের পর রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী ডঃ শারদ্বত মুখোপাধ্যায় এই মেগা প্রকল্পের আনুষ্ঠানিক সূচনা ও উপভোক্তাদের সুবিধার্থে একাধিক বড় ঘোষণা করেন।
স্বাস্থ্যমন্ত্রী ডঃ শারদ্বত মুখোপাধ্যায় স্পষ্ট জানিয়েছেন, এই প্রকল্পের সুবিধা যাতে মানুষ দ্রুত এবং সহজে পান, তার জন্য রাজ্যের প্রায় ২,০০০টি সরকারি ও বেসরকারি হাসপাতালকে ইতিমধ্যেই এই ব্যবস্থার আওতাভুক্ত করা হয়েছে। যার মধ্যে ১,৩০০টি বেসরকারি হাসপাতাল এবং ৭০০টি সরকারি হাসপাতাল রয়েছে। এই প্রকল্পের সবচেয়ে বড় বিশেষত্ব হলো এর দেশব্যাপী গ্রহণযোগ্যতা। স্বাস্থ্যমন্ত্রীর কথায়, “সারা ভারতের যে কোনও জায়গায় এই স্কিমের পরিষেবা পাওয়া যাবে। বেসরকারি ও সরকারি মিলিয়ে ২ হাজার হাসপাতাল এই স্কিমের অন্তর্ভুক্ত রয়েছে।” অর্থাৎ, বাংলার কোনো নাগরিক চিকিৎসার প্রয়োজনে দেশের অন্য যেকোনো রাজ্যে গিয়েও এই আয়ুষ্মান কার্ডের মাধ্যমে সম্পূর্ণ বিনামূল্যে ক্যাশলেস চিকিৎসা করাতে পারবেন।
বিগত জমানার ‘স্বাস্থ্যসাথী’ কার্ডের উপভোক্তাদের ভবিষ্যৎ নিয়ে তৈরি হওয়া সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে এক বড় মানবিক সিদ্ধান্ত ঘোষণা করেছেন স্বাস্থ্যমন্ত্রী। যে সমস্ত পরিবার সামাজিক বা অর্থনৈতিক মানদণ্ডের কারণে কেন্দ্রের ‘আয়ুষ্মান ভারত’ প্রকল্পের তালিকায় নাম তুলতে পারেননি, কিন্তু তাদের কাছে আগের স্বাস্থ্যসাথী কার্ড ছিল, তাদের জন্য রাজ্য সরকার নিয়ে আসছে বিশেষ ‘মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবীমা যোজনা’ (MMSBY)।স্বাস্থ্যমন্ত্রী ডঃ শারদ্বত মুখোপাধ্যায় জানান, “৮০ লক্ষ পরিবার মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবীমা যোজনার অন্তর্ভুক্ত। যে যে উপভোক্তা আয়ুষ্মান প্রকল্পে অন্তর্ভুক্ত হতে পারেননি কিন্তু স্বাস্থ্যসাথীতে নাম ছিল, তাদের জন্যই মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবীমা যোজনা।” এর ফলে রাজ্যের কোনো দরিদ্র বা মধ্যবিত্ত পরিবারই চিকিৎসা সুবিধা থেকে বঞ্চিত হবেন না। একদিকে যোগ্য নাগরিকরা কেন্দ্রের আয়ুষ্মান ভারত পাবেন, অন্যদিকে বাকিরা রাজ্য সরকারের এই নতুন মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবীমা যোজনার মাধ্যমে সমপরিমাণ ৫ লক্ষ টাকার ক্যাশলেস চিকিৎসার সুবিধা পাবেন। আগামী ১৬ই অগস্ট কলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জগৎ প্রকাশ নাড্ডা এবং রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর উপস্থিতিতে এই পরিষেবার আনুষ্ঠানিক সূচনা হতে চলেছে।