প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-দুর্গাপূজার ঠিক মুখে বাঙালি ভোজনরসিকদের জন্য অত্যন্ত মন খারাপ করা খবর। এবার উৎসবের মরশুমে এপার বাংলার পাতে পদ্মার রুপোলি শস্য ওঠার আর কোনো সম্ভাবনা নেই। ভারত থেকে ডিম ভর্তি ইলিশ আমদানি বাংলাদেশ সরকার পুরোপুরি বন্ধ করে দেওয়ার পর এবার ওপার বাংলা থেকেও ভারতে ইলিশ রপ্তানির ওপর চূড়ান্ত নিষেধাজ্ঞা জারি করল ঢাকা। ফলে এবারের পূজায় পদ্মার খাঁটি ইলিশের স্বাদ থেকে বঞ্চিত হতে চলেছেন কলকাতার মানুষ। ফিশ ইম্পোর্টার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে জানানো হয়েছে, পূজায় যাতে ভারতীয়রা পদ্মার ইলিশের স্বাদ পান, তার জন্য সবরকম চেষ্টা চালানো হয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত বাংলাদেশ সরকারের অনড় অবস্থানের কারণে সমস্ত আবেদন বাতিল হয়ে গিয়েছে।

রুপোলি শস্যের জোগান নিশ্চিত করতে গত আগস্ট মাসেই বাংলাদেশের রাজধানী ঢাকায় গিয়েছিলেন ভারতীয় ফিশ ইম্পোর্টার্স অ্যাসোসিয়েশনের প্রতিনিধি দল। সেখানে বাংলাদেশ সরকারের সংশ্লিষ্ট মহলের পক্ষ থেকে ইলিশ পাঠানোর ইতিবাচক আশ্বাস ও প্রতিশ্রুতিও দেওয়া হয়েছিল। কিন্তু সেপ্টেম্বর মাস আসতেই ওপার বাংলার অভ্যন্তরীণ রাজনৈতিক ও প্রশাসনিক পরিস্থিতি বদলে যায়। যার জেরে ভারতের বাজারে ইলিশ পাঠানোর সিদ্ধান্ত থেকে সম্পূর্ণ সরে আসে বাংলাদেশ সরকার।

মাছ আমদানিকারকদের সূত্রে এক চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে। আগস্ট ও সেপ্টেম্বর মাসের মধ্যে ভারতের গুজরাত থেকে প্রায় ৫০০ মেট্রিক টন ডিম ভর্তি ইলিশ আমদানি করেছিলেন বাংলাদেশের মাছ ব্যবসায়ীরা। ভারত থেকে এই বিপুল পরিমাণ মাছ ওপার বাংলায় গেলেও, যখন ভারতের বাজারে পদ্মার ইলিশ ছাড়ার সময় এলো, তখনই সুর বদলে ফেলল ঢাকা। ভারতমুখী ইলিশের ওপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারি করে তারা স্পষ্ট জানিয়ে দিল, দেশের অভ্যন্তরীণ বাজারের চাহিদা মেটাতেই এই সিদ্ধান্ত।

পূজোর মুখে পদ্মার ইলিশের এন্ট্রি বন্ধ হয়ে যাওয়ায় এবার ওড়িশা, কোলাঘাট এবং ডায়মন্ড হারবারের ইলিশের ওপরই ভরসা করতে হবে কলকাতাবাসীকে। তবে আমদানিকারকদের আশঙ্কা, ওপার বাংলার মাছ না আসায় উৎসবের দিনগুলিতে স্থানীয় বাজারে বড় সাইজের ইলিশের দাম সাধারণ মানুষের নাগালের বাইরে চলে যেতে পারে।