প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-বঙ্গ রাজনীতিতে আজ এক ঐতিহাসিক মুহূর্ত। একদিকে ২৫-শে বৈশাখের পুণ্য তিথি, আর অন্যদিকে তিলোত্তমার বুকে এক নতুন রাজনৈতিক ভোরের সূচনা। আজ কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপস্থিতিতে পশ্চিমবঙ্গের মন্ত্রী হিসেবে শপথ নিলেন বিজেপির হেভিওয়েট নেতা দিলীপ ঘোষ।
তৃণমূল স্তরের সংগঠন থেকে উঠে আসা দিলীপ ঘোষকে আজ রাজ্যপাল আর.এন. রবি পদ ও গোপনীয়তার শপথবাক্য পাঠ করান। খড়গপুর সদরের জয়ী বিধায়ক হিসেবে তাঁর এই পথচলা এখন প্রশাসনিক স্তরে এক নতুন মাত্রা পেল। শপথ গ্রহণের পর তাঁকে বেশ আত্মবিশ্বাসী দেখায়, যা তাঁর অনুগামী ও বিজেপি কর্মীদের মধ্যে নতুন উন্মাদনা সৃষ্টি করেছে।
বাংলার প্রতিটি ব্লকে সংগঠনকে মজবুত করার পেছনে দিলীপ ঘোষের অবদান অনস্বীকার্য। সাধারণ মানুষের মধ্যে তাঁর গ্রহণযোগ্যতা এবং স্পষ্টবক্তা হিসেবে তাঁর পরিচিতি তাঁকে বারবার শিরোনামে এনেছে। রাজনৈতিক মহলের মতে, প্রশাসনিক কাঠামোয় তাঁর অন্তর্ভুক্তি রাজ্যের উন্নয়নে এক বিশেষ গতি আনবে।
দিলীপ ঘোষের শপথ গ্রহণের সংবাদ ছড়িয়ে পড়তেই মেদিনীপুর থেকে মুর্শিদাবাদ— সর্বত্রই খুশির হাওয়া। স্যোশাল মিডিয়ায় তাঁর অনুগামীরা ‘দিলীপ-দা’-কে শুভেচ্ছা জানিয়ে পোস্ট করছেন। সবার মুখেই এক কথা— “যোগ্য মানুষের যোগ্য সম্মান”।
এদিন মন্ত্রিসভায় দিলীপ ঘোষের পাশাপাশি আরও কয়েকজন গুরুত্বপূর্ণ সদস্য শপথ গ্রহণ করেন, যা আগামী দিনের ‘সোনার বাংলা’ গড়ার লক্ষ্যে এক বড় পদক্ষেপ বলে মনে করা হচ্ছে।