প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-গভীর রাতে আচমকাই তীব্র উত্তেজনা ছড়াল উত্তর ২৪ পরগনার ব্যারাকপুরে। বিজেপি বিধায়ক (MLA) কৌস্তভ বাগচীর বাসভবন লক্ষ্য করে চলল ভয়ঙ্কর হুমকি ও তাণ্ডব। অভিযোগ, মাঝরাতে একদল দুষ্কৃতী মোটরবাইকে করে এসে বিধায়কের বাড়ি লক্ষ্য করে গুলি চালানো এবং বোমা মেরে পুরো বাড়ি উড়িয়ে দেওয়ার প্রকাশ্য হুমকি দেয়। ঘটনার সময় বিধায়ক নিজে বাড়িতে উপস্থিত না থাকলেও, এই চরম অরাজকতার জেরে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়েছে গোটা এলাকায়। ঘটনার খবর চড়ামাত্রই রাজ্য রাজনীতিতে তোলপাড় শুরু হয়েছে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, এদিন রাতে হঠাৎই একটি মোটরবাইকে করে ৩ জন অজ্ঞাতপরিচয় দুষ্কৃতী কৌস্তভ বাগচীর ব্যারাকপুরের বাড়ির সামনে এসে জড়ো হয়। এরপরই তারা বিধায়কের বাড়ি লক্ষ্য করে অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করে। প্রত্যক্ষদর্শীদের দাবি, দুষ্কৃতীরা চিৎকার করে বলতে থাকে, বাড়ি লক্ষ্য করে গুলি চালানো হবে এবং বোমা মেরে বিধায়কের বাড়ি স্রেফ উড়িয়ে দেওয়া হবে। এই চরম হুমকির পর এলাকা ছেড়ে চম্পট দেয় তারা।
এই ঘটনার খবর পাওয়া মাত্রই তীব্র চাঞ্চল্য ছড়ায় রাজনৈতিক মহলে। বিধায়কের পরিবারের পক্ষ থেকে অবিলম্বে স্থানীয় টিটাগড় থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়। ঘটনার গুরুত্ব অনুধাবন করে রাতেই তদন্তে নামে পুলিশ প্রশাসন। এলাকার সমস্ত সিসিটিভি (CCTV) ফুটেজ খতিয়ে দেখে দুষ্কৃতীদের চিহ্নিত করার কাজ শুরু হয়।সর্বশেষ পাওয়া খবর অনুযায়ী, এই হাড়হিম করা ঘটনার সঙ্গে যুক্ত থাকার সন্দেহে পুলিশ ইতিমধ্যেই ৬ জনকে আটক করেছে। ধৃতদের টিটাগড় থানায় রেখে ম্যারাথন জিজ্ঞাসাবাদ চালানো হচ্ছে। কার নির্দেশে বা কী উদ্দেশ্যে একজন জনপ্রতিনিধির বাড়িতে এই ধরনের ভয়ঙ্কর হুমকি দেওয়া হলো, তার আসল সত্য উদঘাটন করতে মরিয়া পুলিশ।
এই ঘটনার পর বিধায়ক কৌস্তভ বাগচীর নিরাপত্তা এবং রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ফের বড়সড় প্রশ্ন উঠে গিয়েছে। রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে, এই ঘটনাকে কেন্দ্র করে শাসক ও বিরোধী শিবিরের মধ্যে চাপানউতোর আরও তীব্র হতে চলেছে।