প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-
হাইভোল্টেজ মেজাজে ভবানীপুর। আজ সকালে ভবানীপুরের চক্রবেড়িয়া এলাকায় রাজনৈতিক পারদ চড়ল চরমে। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ভবানীপুর বিজেপি কার্যালয়ে আসার কথা জানাজানি হতেই কার্যত দিশেহারা অবস্থা শাসক শিবিরের। শুভেন্দুর ‘এন্ট্রি’র আগে নিজেদের জমি ধরে রাখতে মরিয়া তৃণমূল কর্মীরা হঠাৎই দেওয়াল লিখন ও স্লোগান-পাল্টা স্লোগানে এলাকা উত্তপ্ত করে তোলে।
বিজেপি সূত্রের খবর, প্রার্থী হিসেবে নাম ঘোষণার পর আজ প্রথম ভবানীপুরের দলীয় কার্যালয়ে সাংগঠনিক বৈঠকে যোগ দিতে আসছেন শুভেন্দু অধিকারী। তাঁর আগমনের খবর ছড়িয়ে পড়তেই বিজেপি অফিসের ঠিক উল্টোদিকে দেওয়াল লিখনের নাম করে জমায়েত শুরু করেন তৃণমূল আশ্রিত কর্মীরা। স্থানীয়দের দাবি, শুভেন্দুর আসার সময় যত এগিয়ে আসছে, ততই পাল্লা দিয়ে বাড়ছে তৃণমূলের ‘জয় বাংলা’ স্লোগান। রাজনৈতিক মহলের মতে, শুভেন্দু অধিকারীর জনপ্রিয়তায় ভয় পেয়েই কি এই রণনীতি গ্রহণ করল শাসক দল?
বিজেপি কার্যালয়ের সামনের রাস্তা কার্যত উত্তেজনার চেহারা নেয়। একপাশে গেরুয়া শিবিরের প্রস্তুতি, অন্যপাশে তৃণমূলের উস্কানিমূলক স্লোগান— দুইয়ে মিলে পরিস্থিতি হাতের বাইরে যাওয়ার উপক্রম হয়। পরিস্থিতি সামাল দিতে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় বিশাল পুলিশ বাহিনী। যাকে কেন্দ্র করে রীতিমত চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
স্থানীয় বিজেপি নেতৃত্বের দাবি, শুভেন্দু অধিকারী ভবানীপুরে পা রাখলেই তৃণমূলের ভিত নড়ে যায়, তাই ভয় পেয়েই সাধারণ দেওয়াল লিখনের অছিলায় এই বিশৃঙ্খলা তৈরির চেষ্টা চলছে। তবে পুলিশ মোতায়েন থাকলেও এলাকার পরিস্থিতি এখনও থমথমে। এখন দেখার, বিরোধী দলনেতা পৌঁছানোর পর এই উত্তেজনা কোন মোড় নেয়।