প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-এ যেন পতনের পর আরও বড় বিপর্যয়! সবেমাত্র বিধানসভা নির্বাচনে ঐতিহাসিক হারের মুখ দেখে নব্য বিরোধী দল হিসেবে আত্মপ্রকাশ করেছে তৃণমূল কংগ্রেস। কিন্তু ক্ষমতার মসনদ হারানোর পর যে তাদের রাজনৈতিক অস্তিত্বটুকুও বিপন্ন, তা আরও একবার প্রমাণ হয়ে গেল এই উপনির্বাচনের ভোট গণনায়। মাত্র ১১ রাউন্ড গণনা শেষেই খড়কুটোর মতো উড়ে গেল নয়া বিরোধী দল তৃণমূলের অহংকার। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে জানা যাচ্ছে, ১১ রাউন্ড শেষে বিজেপি প্রার্থী দেবাংশু একাই পকেটে পুরেছেন ৭২,০৮২টি ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী বাম প্রার্থী শম্ভু কুড়মি (সিপিএম) অনেক কসরত করেও মাত্র ২৭,১৯১ ভোট পেয়ে দ্বিতীয় স্থানে ধুঁকছেন। অর্থাৎ, গণনা মাঝপথে পৌঁছানোর আগেই বিজেপি প্রার্থী ৪৪,৮৯১ ভোটের এক পর্বতপ্রমাণ ব্যবধানে এগিয়ে গিয়েছেন। এই লিড আগামী রাউন্ডগুলোতে আরও কয়েক গুণ বাড়বে বলেই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।
এই কেন্দ্রের সবচেয়ে লজ্জাজনক ছবি ধরা পড়েছে প্রধান বিরোধী দল দাবি করা তৃণমূল কংগ্রেস এবং শতাব্দীপ্রাচীন দল কংগ্রেসের ভোটব্যাঙ্কে। ১১ রাউন্ড শেষে কংগ্রেসের ঝুলিতে এসেছে মাত্র ৬,৮৪৪ টি ভোট। আর সদ্য ক্ষমতাচ্যুত এবং বিরোধী আসনে বসা তৃণমূল কংগ্রেস পেয়েছে মাত্র ৩,৮৭০ টি ভোট।
রাজনৈতিক মহলের মতে, এই পরিসংখ্যান প্রমাণ করে যে সাধারণ মানুষ এই দলগুলোর দুর্নীতি এবং অপশাসনের বিরুদ্ধে বিধানসভায় যে রায় দিয়েছিলেন, উপনির্বাচনেও তার কোনো পরিবর্তন হয়নি। বিজেপি প্রার্থীর এই বিপুল লিড আসলে সদ্য তৈরি হওয়া বিরোধীদের উন্নাসিকতার গালে এক সপাটে চড়।