প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-একদিকে দলের প্রতীক ‘জোড়াফুল’-এর অস্তিত্ব রক্ষার মরিয়া লড়াই, আর অন্যদিকে আইনি সাঁড়াশি চাপে জেরবার ঘনিষ্ঠ মহল—সব মিলিয়ে ক্রমশই কোণঠাসা হয়ে পড়ছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) কলকাতা হাইকোর্টে বড়সড় ধাক্কা খেলেন অভিষেকের আপ্ত সহায়ক (PA) সুমিত রায়। তাঁর বিরুদ্ধে চলা একাধিক ফৌজদারি মামলার তদন্তে স্থগিতাদেশ চেয়ে তিনি উচ্চ আদালতের দ্বারস্থ হয়েছিলেন। কিন্তু বিচারপতি সৌগত ভট্টাচার্যের বেঞ্চ তাঁর সেই অন্তর্বর্তী রক্ষাকবচের আবেদন পত্রপাঠ খারিজ করে দিয়েছে। আর আদালতের এই নির্দেশের পরই বৃহস্পতিবার সমাজমাধ্যমে (X) ফের একবার বিচারব্যবস্থার নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলে চরম বিতর্কের জন্ম দিলেন ডায়মন্ড হারবারের সাংসদ।

শালবনি জমি দুর্নীতি মামলায় গত ১০ সেপ্টেম্বর সিআইডি (CID)-র হাতে গ্রেফতার হয়েছিলেন সুমিত রায়। এরপর তাঁকে আরও চারটি ফৌজদারি মামলায় ‘শোন অ্যারেস্ট’ (Shown Arrest) দেখায় তদন্তকারী সংস্থা। বৃহস্পতিবার বিচারপতি সৌগত ভট্টাচার্যের এজলাসে সুমিতের আইনজীবী সওয়াল করেন, রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করতে ৬ থেকে ৮ বছর পুরনো ঘটনায় একের পর এক মামলা দায়ের করা হচ্ছে, তাই সমস্ত মামলার তদন্তে অন্তর্বর্তী স্থগিতাদেশ দেওয়া হোক। কিন্তু সেই যুক্তি মানতে চাননি বিচারপতি সৌগত ভট্টাচার্য। আদালত স্পষ্ট পর্যবেক্ষণে জানায়, যে মামলাগুলিতে তিনি ইতিমধ্যেই গ্রেফতার হয়েছেন, সেখানে রিট পিটিশনের মাধ্যমে কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ দেওয়া সম্ভব নয়। আইন অনুযায়ী জামিনের জন্য তিনি উপযুক্ত নিম্ন আদালতে আবেদন করতে পারেন।

হাইকোর্টে আপ্ত সহায়কের আর্জি খারিজ হতেই বৃহস্পতিবার বিকেলে এক্স (X) হ্যান্ডলে পোস্ট করে সরাসরি বিচারব্যবস্থাকে নিশানা করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি লেখেন, “বিচারব্যবস্থা শাসকদলের ব্যক্তিগত সম্পত্তি বা বিশেষাধিকার হতে পারে না। মনে হচ্ছে, সমস্ত আইনি স্বস্তি কেবল বিজেপির জন্যই বরাদ্দ, আর বিরোধীদের ন্যায়বিচার পেতে লড়াই করতে হচ্ছে। এটাই কি সাংবিধানিক শাসন?” উল্লেখ্য, এর মাত্র দু’দিন আগেই—গত মঙ্গলবার (১৭ নভেম্বর) বিচারব্যবস্থা সম্পর্কে অবমাননাকর মন্তব্যের জেরে কলকাতা হাইকোর্টের বিচারপতি কৃষ্ণ রাও স্বতঃপ্রণোদিত হয়ে অভিষেকের বিরুদ্ধে আদালত অবমাননার (Criminal Contempt) রুল জারি করেছেন এবং ১৫ দিনের মধ্যে জবাব তলব করেছেন। এর আগে ১৩ নভেম্বরের শুনানিতে বিচারপতি রাও তীব্র ভর্ৎসনা করে বলেছিলেন, “আপনার মক্কেল তো দেখছি বিচারপতিদের অ্যানুয়াল কনফিডেনশিয়াল রিপোর্ট (ACR) লিখছেন!”

আদালত অবমাননার নোটিশ পাওয়ার পরও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই লাগাতার বিচারব্যবস্থা-বিরোধী মন্তব্যকে কেন্দ্র করে তীব্র সমালোচনার ঝড় উঠেছে রাজ্য রাজনীতিতে। প্রবীণ আইনজীবীদের একাংশের মতে, দীর্ঘ দেড় দশক ক্ষমতায় থেকে যাঁরা প্রশাসন ও প্রতিষ্ঠানকে নিজেদের অঙ্গুলিহেলনে চালিয়ে অভ্যস্ত ছিলেন, আজ আইনের শাসন প্রতিষ্ঠিত হওয়ায় তাঁদের সেই সাম্রাজ্যে ফাটল ধরেছে। আইনজীবীদের একাংশের প্রশ্ন, রায় নিজের পক্ষে গেলে ‘বিচারব্যবস্থার জয়’, আর ঘনিষ্ঠ সহযোগীর দুর্নীতির মামলায় রায় বিপক্ষে গেলেই ‘বিচারব্যবস্থা পক্ষপাতদুষ্ট’—এই দ্বিচারিতা গণতন্ত্রের জন্য অত্যন্ত বিপজ্জনক। শাসকদল বিজেপির নেতাদের মতে, দলের প্রতীক হাতছাড়া হওয়ার ভয় এবং ঘনিষ্ঠদের দুর্নীতির পর্দাফাঁস হওয়ায় মানসিক ভারসাম্য হারিয়েছেন তৃণমূল সাংসদ। রাজ্যের মন্ত্রী শংকর ঘোষ অভিষেককে ‘রাজনীতির আবর্জনা’ বলে কটাক্ষ করে জানিয়েছেন, আদালতের রায়ে আপত্তি থাকলে উচ্চতর বেঞ্চে যাওয়ার পথ খোলা রয়েছে; তা না করে বারবার বিচারপতিদের অপমান করা আসলে নিজের ও ঘনিষ্ঠদের দুর্নীতি আড়াল করার মরিয়া চেষ্টা মাত্র। ওয়াকিবহাল মহলের মতে, শালবনি জমি দুর্নীতি ও তোলাবাজির অভিযোগে আপ্ত সহায়ক সুমিত রায় জেলে থাকার ফলে তদন্তের আঁচ যে ক্রমশ ওপরতলার দিকে এগোচ্ছে, তা বেশ ভালোই বুঝেছেন ডায়মন্ড হারবারের সাংসদ। তাই আইনি লড়াইয়ে এঁটে উঠতে না পেরে বিচারব্যবস্থার ওপর চাপ সৃষ্টি করে সহানুভূতি কুড়োনোর পুরনো কৌশল নিয়েছেন তিনি। কিন্তু বর্তমান বাংলায় আইনের শাসন যে সবার জন্য সমান, হাইকোর্টের একের পর এক নির্দেশে তা আরও একবার স্পষ্ট হয়ে গেল।