প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-চিকিৎসকের পরামর্শ ছাড়াই যখন-তখন ফার্মেসি বা ওষুধের দোকান থেকে সরাসরি ব্যথার ওষুধ কিংবা অ্যান্টিবায়োটিক কিনে খাওয়ার অভ্যাস এবার পুরোপুরি বন্ধ হতে চলেছে। দীর্ঘদিন ধরে প্রেসক্রিপশন ছাড়া এই ধরনের ওষুধ সেবনের ফলে সাধারণ মানুষের শরীরে যে মারাত্মক ক্ষতি হচ্ছে, তা রুখতে এবার দেশজুড়ে নজিরবিহীন কড়া পদক্ষেপ নিল কেন্দ্রীয় ড্রাগ কন্ট্রোল সংস্থা সেন্ট্রাল ড্রাগস স্ট্যান্ডার্ড কন্ট্রোল অর্গানাইজেশন (CDSCO)।
CDSCO-র পক্ষ থেকে দেশের সমস্ত রাজ্যের ড্রাগ কন্ট্রোলারদের পাঠানো এক চিঠিতে সাফ জানানো হয়েছে, কোনো রেজিস্টার্ড চিকিৎসকের বৈধ ও আসল প্রেসক্রিপশন ছাড়া বাজারে কোনোভাবেই খুচরো ব্যথার ওষুধ (Painkillers) এবং কোনো ধরনের অ্যান্টিবায়োটিক (Antibiotics) বিক্রি করা যাবে না। ড্রাগস অ্যান্ড কসমেটিকস অ্যাক্টের শিডিউলভুক্ত এই ওষুধগুলির অবাধ কেনাবেচা রুখতে ফার্মেসিগুলিতে কড়া নজরদারি ও তল্লাশি চালানোর নির্দেশ দেওয়া হয়েছে।
কেন্দ্রীয় ড্রাগ কন্ট্রোল তাদের নির্দেশিকায় বড়সড় সতর্কবার্তা দিয়ে জানিয়েছে যে, চিকিৎসকের পরামর্শ না নিয়ে দীর্ঘদিন ধরে যথেচ্ছভাবে ব্যথার ওষুধ এবং অ্যান্টিবায়োটিক ব্যবহারের ফলে সরাসরি মানবদেহের মারাত্মক ক্ষতি বা কিডনি বিকল (Kidney Failure) হওয়ার আশঙ্কা থাকে। সাধারণ মানুষ যাতে এই সুনির্দিষ্ট বিপদ সম্পর্কে সচেতন হন, তার জন্যই এই কড়াকড়ি। নতুন নিয়ম অনুযায়ী, দেশের সমস্ত ওষুধ প্রস্তুতকারী সংস্থা বা ম্যানুফ্যাকচারারদের এক অত্যন্ত গুরুত্বপূর্ণ নির্দেশ দিয়েছে CDSCO। এবার থেকে বাজারে আসা এই সমস্ত ব্যথার ওষুধ ও অ্যান্টিবায়োটিকের প্যাকেটে বা স্ট্রিপের ওপর বাধ্যতামূলকভাবে এবং স্পষ্ট অক্ষরে উল্লেখ করতে হবে যে—”চিকিৎসকের পরামর্শ ছাড়া এই ওষুধ সেবনের মারাত্মক বিপদ রয়েছে।” জনস্বাস্থ্যের এই বিশাল ক্ষতি এবং ওষুধ সেবনের মারাত্মক ক্ষতিকর অভ্যাস রুখতেই কেন্দ্রীয় ড্রাগ কন্ট্রোল এই কড়া গাইডলাইন জারি করল।