প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-পশ্চিমবঙ্গের প্রশাসনিক মানচিত্রে পরিবর্তনের পর এবার রাজ্যের জনবিন্যাস ও পরিকাঠামো নিয়ে বড়সড় অ্যাকশনে নামল নতুন বিজেপি সরকার। নবান্ন সভাঘরে আয়োজিত একটি উচ্চপর্যায়ের প্রশাসনিক বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিগত তৃণমূল সরকারকে তীব্র ভাষায় আক্রমণ করলেন রাজ্যের নবনিযুক্ত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। রাজ্যে দীর্ঘকাল ধরে থমকে থাকা জনগণনা (Census) প্রক্রিয়া পুনরায় চালু করার ঘোষণা করতে গিয়ে এই বিস্ফোরক মন্তব্য করেন তিনি।
মুখ্যমন্ত্রী স্পষ্ট ভাষায় বলেন, “আমরা পশ্চিমবঙ্গ জনগণনায় পিছিয়ে গিয়েছি। ২০২৫-এ কেন্দ্রীয় সরকার পশ্চিমবঙ্গ সরকারকে জনগণনার কাজ শুরু করতে বলেছিল। যে কোনও কারণে বিগত সরকার সেই কাজ শুরু করেনি। আমরা আসার পর জনগণনাকে অগ্রাধিকার দিয়েছি।”
নবান্নে ‘প্রিন্সিপাল সেন্সাস অফিসার্স কনফারেন্স’-এর উদ্বোধনের পর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী রাজ্যের আপামর জনগণকে এই প্রক্রিয়ায় অংশ নেওয়ার আহ্বান জানান। একইসঙ্গে তিনি স্পষ্ট করে দেন, এই জনগণনার সাথে রাজনীতির কোনও যোগ নেই, এটি একটি সাংবিধানিক দায়বদ্ধতা। আজ থেকেই রাজ্যজুড়ে শুরু হচ্ছে প্রথম পর্যায়ের সেলফ-এন্যুমারেশন (Self-Enumeration) বা অনলাইন স্ব-নথিবদ্ধকরণ প্রক্রিয়া। সাধারণ নাগরিকেরা সরাসরি সরকারি পোর্টালে গিয়ে নিজেদের তথ্য নথিভুক্ত করতে পারবেন। এই দিন থেকে শুরু হবে বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহের কাজ (House Listing and Door-to-Door Visits)। আগামী বছরের ফেব্রুয়ারি মাসের শেষ তারিখের মধ্যে সমগ্র তথ্য সংগ্রহের কাজ সম্পন্ন করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে।
জনগণনা পিছিয়ে পড়া নিয়ে বিগত সরকারের নিষ্ক্রিয়তাকে কাঠগড়ায় তোলার পাশাপাশি পশ্চিমবঙ্গের সীমান্তবর্তী জেলাগুলির ‘ডেমোগ্রাফি’ বা জনবিন্যাসের পরিবর্তন নিয়েও উদ্বেগ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী। তিনি অভিযোগ করেন, “পশ্চিমবঙ্গের সঙ্গে বাংলাদেশের প্রায় ৬০০ কিলোমিটার সীমান্তে কোনও কাঁটাতারের বেড়া নেই। বিগত সরকার বিএসএফ (BSF)-কে জমি হস্তান্তর না করায় এই বেড়া দেওয়া সম্ভব হয়নি, যার ফলে অবাধ অনুপ্রবেশ ঘটেছে এবং সীমান্তবর্তী এলাকাগুলির জনবিন্যাস বদলে গিয়েছে।”
মুখ্যমন্ত্রী আশ্বাস দেন, সম্পূর্ণ ডিজিটাল পদ্ধতিতে অ্যাপ ও বিশেষ পোর্টালের মাধ্যমে এই প্রথমবার অত্যন্ত স্বচ্ছভাবে এই ডেটা সংগ্রহ করা হবে। সঠিক ডেটা হাতে এলে রাজ্যের সাধারণ মানুষের জন্য প্রকৃত কল্যাণকামী প্রকল্প ও নীতি নির্ধারণ করা অনেক সহজ হবে বলে জানান তিনি।