প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-পশ্চিমবঙ্গের নতুন বিজেপি সরকারের বহুল চর্চিত ‘অন্নপূর্ণা যোজনা’ (Annapurna Yojana)-র টাকা কারা পাবেন, আর কারা বাদ পড়বেন—তা নিয়ে রাজ্যজুড়ে তৈরি হওয়া সমস্ত জল্পনার অবসান হতে চলেছে। বৃহস্পতিবার নবান্ন থেকে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এক বড় ঘোষণা করেছেন। তিনি স্পষ্ট জানিয়েছেন, আগামী ১০ই আগস্ট (সোমবার) তিনি পুনরায় একটি মেগা সাংবাদিক সম্মেলন করবেন। সেদিনই অন্নপূর্ণা যোজনার সমস্ত খুঁটিনাটি তথ্য, যোগ্যতার মানদণ্ড (Criteria) এবং চূড়ান্ত নির্দেশিকা সরকারিভাবে রাজ্যবাসীর সামনে প্রকাশ করে দেওয়া হবে। মুখ্যমন্ত্রী জানান, এই প্রকল্পের সুবিধা দেওয়ার জন্য বর্তমানে ব্যাক-এন্ডে যুদ্ধকালীন তৎপরতায় ভেরিফিকেশন বা আবেদনপত্র যাচাইয়ের কাজ চলছে। এখনও পর্যন্ত রাজ্যজুড়ে রেকর্ড ২ কোটি ১৬ লক্ষ মহিলা এই প্রকল্পের জন্য আবেদন জানিয়েছেন। বিপুল সংখ্যক এই আবেদনের স্ক্রুটিনি অত্যন্ত স্বচ্ছতার সাথে করা হচ্ছে বলেই এই মুহূর্তে কিছুটা প্রশাসনিক জটিলতা তৈরি হচ্ছে, যা খুব দ্রুত কেটে যাবে বলে আশ্বস্ত করেছেন তিনি।
১০ই আগস্ট চূড়ান্ত নির্দেশিকা প্রকাশের আগে, ভেরিফিকেশনের অগ্রগতির ওপর ভিত্তি করে আবেদনকারীদের দুটি টাইমলাইনে ভাগ করেছেন মুখ্যমন্ত্রী। ১০ই জুলাই বা তার আগে যাঁরা আবেদন জানিয়েছেন, তাঁদের ভেরিফিকেশন প্রায় শেষ। আগামী ১৭ ই আগস্ট প্রথম দফার টাকা দেওয়ার দিনই তাঁরা সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পেয়ে যাবেন। যাঁরা ১১ই জুলাই থেকে ৩১শে জুলাইয়ের মধ্যে আবেদন জমা দিয়েছেন, তাঁদের নথিপত্র স্ক্রুটিনি করতে প্রশাসনের আরও কিছুটা সময় লাগবে। ফলে তাঁদের টাকা পেতে সামান্য দেরি হতে পারে।
মুখ্যমন্ত্রী আরও স্পষ্ট করে দিয়েছেন যে, এই প্রাথমিক যাচাইকরণ প্রক্রিয়াটি সম্পন্ন হয়ে গেলেই আগামী মাস থেকে বিজেপি সরকার রাজ্যে যতদিন থাকবে, প্রত্যেক মাসের দ্বিতীয় সপ্তাহেই উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পৌঁছে যাবে। তবে আগামী ১০ই আগস্টের সাংবাদিক সম্মেলনের দিকেই এখন চোখ রয়েছে গোটা রাজ্যের মা-বোনেদের।