প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-লালমাটির দেশ জঙ্গলমহল। একদিকে সবুজ শাল-মহুয়ার জঙ্গল, অন্যদিকে যুগের পর যুগ ধরে জমে থাকা বঞ্চনা আর রাজনৈতিক প্রতিহিংসার দীর্ঘশ্বাস। বৃহস্পতিবার (১২ নভেম্বর) বিকেলে বাঁকুড়ার রাইপুরে আদিবাসীদের ঐতিহ্যবাহী ‘বাঁধনা পরব’-এর মঞ্চে দাঁড়িয়ে সেই দীর্ঘশ্বাসেই প্রলেপ দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। প্রশাসনিক প্রধানের গাম্ভীর্যের বদলে ঘরের মানুষের মতোই তিনি ঘোষণা করলেন, “মূলবাসীদের বিরুদ্ধে যত মিথ্যা মামলা হয়েছে, সেই সব মামলা আমরা প্রত্যাহার করব।” শুধু কথার কথা নয়, কাজের খতিয়ান তুলে ধরে তিনি জানিয়ে দিলেন, পুরো এক বছর সময় না পেলেও মাত্র ৮ মাসের বাজেটেই পশ্চিমাঞ্চল উন্নয়ন পর্ষদের মাধ্যমে ১২০০ কোটি টাকা খরচ করতে চলেছে তাঁর সরকার।
রাজনীতিতে কথার ফুলঝুরি ছোটানো সহজ, কিন্তু অঙ্কের হিসেবে জবাব দেওয়া কঠিন। এদিন বাঁকুড়ার সভা থেকে সেই অঙ্কের হিসেবেই পূর্বতন বাম ও তৃণমূল জমানার রাজনীতিকে কার্যত কাঠগড়ায় তুললেন মুখ্যমন্ত্রী। রাজনৈতিক মহলের মতে, বিগত সরকারগুলির আমলে জঙ্গলমহল কেবল ভোটব্যাঙ্ক আর সস্তা প্রচারের হাতিয়ার হয়েই থেকে গিয়েছিল। উন্নয়নের নামে যে স্রেফ আইওয়াশ চলত, মুখ্যমন্ত্রীর দেওয়া পরিসংখ্যানেই তা দিনের আলোর মতো স্পষ্ট।
এদিন বিগত সরকারের আর্থিক বরাদ্দের কঙ্কালসার চেহারাটা ফাঁস করে দিয়ে শুভেন্দু অধিকারী বলেন, “গত আর্থিক বছরে আগের মুখ্যমন্ত্রী জঙ্গলমহলে পশ্চিমাঞ্চল উন্নয়ন পর্ষদে মাত্র ৬ কোটি টাকা খরচ করেছিলেন। আমি পুরো বছর পাইনি, কিন্তু মাত্র ৮ মাসের বাজেটেই ১২০০ কোটি টাকা আমরা পশ্চিমাঞ্চল উন্নয়ন পর্ষদ থেকে খরচ করব।” বিশ্লেষকদের মতে, ৬ কোটি বনাম ১২০০ কোটি—এই আকাশ-পাতাল ফারাকই বলে দিচ্ছে বিগত দিনে জঙ্গলমহলের মানুষ কীভাবে প্রতারিত হয়েছেন এবং বর্তমান প্রশাসন এই অঞ্চলের উন্নয়নে কতটা সদিচ্ছা দেখাচ্ছে।
জঙ্গলমহলের বুকে কান পাতলেই শোনা যেত, অধিকারের কথা বলতে গিয়ে বা রাজনৈতিক মতপার্থক্যের জেরে কীভাবে শত শত নিরপরাধ আদিবাসী ও মূলবাসীকে মিথ্যা মামলার জালে জড়িয়ে হেনস্থা করা হয়েছিল। বিরোধীদের সেই দমনপীড়নের রাজনীতির মূলে কুঠারাঘাত করে এদিন মুখ্যমন্ত্রী সাফ জানিয়ে দেন, প্রশাসনিক ক্ষমতার অপব্যবহার করে চাপিয়ে দেওয়া সমস্ত মিথ্যা মামলা তুলে নেওয়া হবে। পাশাপাশি, আদিবাসী ও মূলবাসীদের সংস্কৃতি ও ঐতিহ্য রক্ষায় থাকা ডেভেলপমেন্ট বোর্ডগুলির বরাদ্দ একলাফে ১০ কোটি থেকে বাড়িয়ে ৫০ কোটি টাকা করার কথাও ঘোষণা করেন তিনি।
শহরের শীতাতপ নিয়ন্ত্রিত ঘরে বসে যাঁরা জঙ্গলমহলের আবেগ নিয়ে রাজনীতি করেন, এদিন নাম না করে তাঁদেরও তীব্র ভাষায় বিঁধেছেন মুখ্যমন্ত্রী। জঙ্গলমহলের নদী, অরণ্য আর পাহাড় ধ্বংসের প্রসঙ্গ টেনে তিনি কটাক্ষ করে বলেন, “ফ্ল্যাটবাড়িতে থাকা কিছু লোক, যাঁরা প্রকৃতিকে জানেন না, তাঁরা জঙ্গলমহলের অনেক ক্ষতি করে দিয়ে গিয়েছেন।” ওয়াকিবহাল মহলের মতে, মুখ্যমন্ত্রীর এই তীর সরাসরি বিগত শাসকদলের শীর্ষ নেতৃত্বের দিকেই। বালি খাদান থেকে শুরু করে প্রাকৃতিক সম্পদ লুটের যে অভিযোগ বিগত জমানায় বারবার উঠেছিল, তা বন্ধ করে এবার সরকারি উদ্যোগে পরিবেশবান্ধব শিল্প গড়ার স্পষ্ট বার্তা দিয়েছেন তিনি।
বর্তমান সরকার ক্ষমতায় আসার পর থেকেই বিরোধীরা নানা ইস্যুতে সুর চড়ানোর চেষ্টা করছিল। কিন্তু মাত্র কয়েক মাসের মধ্যেই জঙ্গলমহলের মানুষের জন্য ১২০০ কোটির বাজেট, বোর্ডগুলির বরাদ্দ বৃদ্ধি, আবাস যোজনায় আরও ৭ লক্ষ উপভোক্তার জন্য ৪২০০ কোটি টাকা ছাড়ার ঘোষণা এবং মিথ্যা মামলা প্রত্যাহারের মত মাস্টারস্ট্রোক দিয়ে শুভেন্দু অধিকারী বিরোধীদের সমস্ত সমালোচনার জবাব কাজের মাধ্যমেই দিয়ে দিলেন বলে মনে করছে রাজনৈতিক মহল। সব মিলিয়ে, বাঁকুড়ার রাইপুরের এই সভা কেবল একটি সরকারি অনুষ্ঠান হয়ে থাকল না; বরং জঙ্গলমহলের বঞ্চিত মানুষের হারানো অধিকার ফিরিয়ে দেওয়া এবং বিগত জমানার অপশাসনের বিরুদ্ধে এক জোরালো রাজনৈতিক বার্তার মঞ্চ হয়ে উঠলো।