প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-ভোটের ময়দানে বুক ঠুকে যাঁর মুখে শোনা যেত দক্ষিণী সিনেমার সেই চেনা সংলাপ—”ঝুঁকেগা নেহি”, প্রশাসনের হাতুড়ি-শাবলের আঘাতে নিজের বেআইনি প্রাসাদের ছাদ গুঁড়িয়ে যেতেই এবার সেই দম্ভ ভেঙে চুরমার! দক্ষিণ ২৪ পরগনার ফলতার শ্রীরামপুরে জেলবন্দি প্রাক্তন তৃণমূল বিধায়ক জাহাঙ্গীর খানের বেআইনি বহুতল বাড়ি ভাঙার অভিযান শুরু হতেই, তা আটকাতে মরিয়া হয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন তাঁর আইনজীবীরা। তোলাবাজি ও ভয় দেখানোর মামলায় বর্তমানে সস্ত্রীক জেলবন্দি জাহাঙ্গীর। কিন্তু জেলের চার দেওয়ালের ভেতরে বসেও নিজের অবৈধ সাম্রাজ্য বাঁচাতে আইনি লড়াইয়ের শেষ চেষ্টা শুরু করেছেন তিনি। আর জাহাঙ্গীরের এই আদালত-মুখী হওয়াকে ঘিরে ফলতা জুড়ে শুরু হয়েছে তীব্র কটাক্ষ ও শোরগোল।
উল্লেখ্য, ফলতার শ্রীরামপুরে জেলা পরিষদের কোনো অনুমোদন ছাড়াই দোতলার বেশি বেআইনি বহুতল নির্মাণের অভিযোগ উঠেছিল জাহাঙ্গীর খানের বিরুদ্ধে। এই নিয়ে স্থানীয় বিজেপি নেতা বিধান পাড়ুইয়ের দায়ের করা মামলার ভিত্তিতে গত ২৮ অক্টোবর কলকাতা হাইকোর্ট সাত দিনের মধ্যে ওই বেআইনি নির্মাণ ভেঙে ফেলার নির্দেশ দেয়। প্রশাসনের তরফে জাহাঙ্গীরকে মোট সাতবার নোটিশ পাঠানো হলেও এবং শুনানিতে তলব করা হলেও তিনি সাড়া দেননি। এরপরেই আদালতের নির্দেশ কার্যকর করতে বুধবার (১১ নভেম্বর) সকাল সাড়ে ৮টা নাগাদ বিশাল পুলিশ বাহিনী, দমকল এবং বিডিও (BDO) সন্দীপ সিং রায়ের উপস্থিতিতে শুরু হয় বাড়ি ভাঙার অভিযান। ঘিঞ্জি গলির ভেতরে বাড়ি হওয়ায় বুলডোজার ঢুকতে না পারলেও, প্রথমে তালা ভেঙে ঘরের দামি আসবাবপত্র সরিয়ে নেওয়া হয় এবং তারপর ছাদে ভাইব্রেটিং মেশিন ও হাতুড়ি-শাবল চালিয়ে ভাঙার কাজ শুরু করে প্রশাসন। বৃহস্পতিবারও (১২ নভেম্বর) জোরকদমে চলছে সেই ভাঙার কাজ। এই অভিযান অবিলম্বে বন্ধ করার আর্জি জানিয়েই আদালতের দ্বারস্থ হয়েছে জাহাঙ্গীরের আইনি দল।
জাহাঙ্গীর খানের আদালতে যাওয়া নিয়ে তীব্র কটাক্ষ শানিয়েছেন ফলতার বর্তমান বিজেপি বিধায়ক দেবাংশু পাণ্ডা এবং মামলাকারী বিধান পাড়ুই। বিধান পাড়ুইয়ের কথায়, “২০১৮ সাল থেকে ফলতায় গণতন্ত্রকে গলা টিপে হত্যা করেছিলেন জাহাঙ্গীর। মানুষের জমি দখল করে, পুকুর ভরাট করে প্রাসাদ বানিয়েছিলেন। সাত-সাতবার নোটিশ দেওয়ার পরও ক্ষমতার দম্ভে কোনো উত্তর দেননি। আজ হাইকোর্টের নির্দেশেই আইন তার নিজের পথে চলছে।” অন্যদিকে বিধায়ক দেবাংশু পাণ্ডা বিস্ফোরক দাবি করে জানান, জাহাঙ্গীর ও তাঁর স্ত্রীর নামে প্রায় ১৯৩ থেকে ২০০টি সম্পত্তির দলিল পাওয়া গিয়েছে এবং খাসজমি দখল করে আরও একাধিক বাড়ি তৈরি হয়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, যে নেতা একসময় নিজেকে আইনের ঊর্ধ্বে মনে করতেন এবং বিরোধীদের আদালত বা প্রশাসনের কাছে যেতেই দিতেন না বলে অভিযোগ উঠত, আজ নিজের অবৈধ ইমারত বাঁচাতে সেই তাঁকেই আদালতের দরজায় কড়া নাড়তে হচ্ছে! ওয়াকিবহাল মহলের বক্তব্য, বিগত জমানায় শাসকদলের ছত্রছায়ায় থেকে যাঁরা বুক ফুলিয়ে বেআইনি নির্মাণ ও তোলাবাজির সাম্রাজ্য গড়ে তুলেছিলেন, বর্তমান সরকারের জিরো-টলারেন্স নীতিতে তাঁদের সেই দাপট যে তাসের ঘরের মতো ভেঙে পড়ছে, ফলতার এই ঘটনা তারই জলজ্যান্ত প্রমাণ।