প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের (২০২৬) প্রথম দফার ভোটগ্রহণের দিনেই রক্তক্ষয়ী উত্তজনা এবং বিশৃঙ্খলার ছবি ধরা পড়ল আসানসোল দক্ষিণ কেন্দ্রে। বুথ পরিদর্শনে বেরোনোর পথে বিজেপি প্রার্থী তথা বিধায়ক অগ্নিমিত্রা পালের গাড়িতে হামলার অভিযোগ উঠেছে একদল দুষ্কৃতীর বিরুদ্ধে। ঘটনায় প্রার্থীর প্রাণহানির আশঙ্কা না থাকলেও, তাঁর গাড়ির পেছনের কাঁচ পাথর ছুঁড়ে সম্পূর্ণ ভেঙে দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার সকালে আসানসোল দক্ষিণের হীরাপুর থানা এলাকার রহমতনগর হাই স্কুলের বুথ পরিদর্শন সেরে ফিরছিলেন বিজেপি প্রার্থী। অগ্নিমিত্রার অভিযোগ অনুযায়ী, তিনি যখন স্কুল চত্বর থেকে বেরোচ্ছিলেন, তখন হঠাৎই চলন্ত গাড়ি লক্ষ্য করে পেছন থেকে বড় বড় পাথর ছোঁড়া শুরু হয়। পাথরের আঘাতে গাড়ির পেছনের অংশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং কাঁচ ভেঙে চুরমার হয়ে যায়। প্রার্থীর দাবি, চলন্ত গাড়িতে হামলা চালিয়ে বড় ধরণের বিপদ ঘটানোর চেষ্টা করা হয়েছিল।
২০২১ সালের বিধানসভা নির্বাচনে অগ্নিমিত্রা পাল এই কেন্দ্র থেকে প্রায় ১,৮০০ ভোটের ব্যবধানে জয়ী হয়েছিলেন। গত নির্বাচনেও এই এলাকায় বিক্ষিপ্ত সংঘর্ষের ঘটনা ঘটেছিল। এদিন ঘটনার পরপরই অগ্নিমিত্রা পাল হীরাপুর থানায় গিয়ে লিখিত অভিযোগ দায়ের করেন। তাঁর অভিযোগের তির মূলত শাসক দলের আশ্রিত দুষ্কৃতীদের দিকে।
এই হামলার ঘটনার প্রেক্ষিতে নির্বাচন কমিশন (ECI) জেলা প্রশাসনের কাছে রিপোর্ট তলব করেছে। এলাকায় অতিরিক্ত কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে যাতে ভোটপ্রক্রিয়া স্বাভাবিক থাকে।
বিজেপি নেত্রী সংবাদমাধ্যমকে জানান, “নির্বাচন প্রক্রিয়াকে প্রভাবিত করতে এবং বিজেপি কর্মীদের ভয় দেখাতেই পরিকল্পিতভাবে এই হামলা চালানো হয়েছে”। অন্যদিকে, স্থানীয় তৃণমূল নেতৃত্ব এই অভিযোগ অস্বীকার করে পালটা দাবি করেছে যে, “বিজেপি প্রার্থী নিজেই এলাকা উত্তপ্ত করার চেষ্টা করছেন”।
আসানসোল দক্ষিণ ছাড়াও রাজ্যের অন্যান্য কেন্দ্র যেমন কুমারগঞ্জ এবং মুর্শিদাবাদ থেকেও বিক্ষিপ্ত অশান্তি ও এজেন্টদের বুথ থেকে বের করে দেওয়ার অভিযোগ সামনে এসেছে। বর্তমানে হীরাপুর থানা এলাকায় ব্যাপক পুলিশি টহল চলছে।