প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-চিকিৎসা পরিষেবার পবিত্র মন্দিরে গুন্ডামি এবং প্রবীণ শিক্ষক-চিকিৎসকদের নিগ্রহের ঘটনায় এবার বেনজির কঠোর অবস্থান নিল রাজ্যের বর্তমান বিজেপি সরকার। বুধবার রাতের অশান্তির পর বৃহস্পতিবার (১৯ নভেম্বর) স্বাস্থ্যভবনে কলকাতা মেডিক্যাল কলেজের এমএসভিপি (MSVP) ইন্দ্রনীল চট্টোপাধ্যায়ের সঙ্গে জরুরি বৈঠকে বসেন স্বাস্থ্যমন্ত্রী ডা. শারদ্বত মুখোপাধ্যায়। বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ক্যাম্পাসে তাণ্ডবের নেপথ্যে থাকা ‘মানসিক মাওবাদী’ ও ‘নকশালপন্থী’ ছাত্র সংগঠনগুলির মুখোশ টেনে খুলে দেন তিনি। পাশাপাশি হাসপাতালে অরাজকতা রুখতে দোষীদের সাসপেন্ড করা থেকে শুরু করে রেজিস্ট্রেশন বাতিলের মতো চরম পদক্ষেপের হুঁশিয়ারিও দিয়েছেন মন্ত্রী।

বৃহস্পতিবার বিকেলে স্বাস্থ্যভবনে সিসিটিভি ফুটেজ ও ঘটনার পুঙ্খানুপুঙ্খ বিবরণ তুলে ধরে স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায় বলেন: “আমার কাছে মিনিট বাই মিনিট সিসিটিভি ফুটেজ রয়েছে। ভেতরে অধ্যক্ষ, উপাধ্যক্ষ, এমএসভিপি এবং বিভাগীয় প্রধানদের ঘেরাও করে যে ভাষায় অকথ্য গালিগালাজ করা হয়েছে, তা মুখে আনা যায় না। যাঁদের কাছে চিকিৎসাশাস্ত্র শিখছেন, সেই প্রবীণ শিক্ষক-চিকিৎসকদের গায়ে হাত তোলা হয়েছে এবং ‘চামড়া গুটিয়ে নেব’ বলে হুমকি দেওয়া হয়েছে। যা দেখেছি ও শুনেছি, তা প্রকাশ্যে আনলে সাধারণ মানুষের সামনে চিকিৎসকদের মান-সম্মান ক্ষুণ্ণ হবে।” সাধারণ পড়ুয়াদের পাশে দাঁড়িয়ে মন্ত্রী বলেন, “মেডিক্যাল কলেজে প্রায় ১,২৫০ জন মেধাবী পড়ুয়া ও ইন্টার্ন রয়েছেন, যাঁরা দিনরাত মানুষের সেবা করছেন। কিন্তু মুষ্টিমেয় মাত্র ১০ থেকে ১৫ জন পড়ুয়া—যাঁরা মানসিক মাওবাদী, নকশালপন্থী এবং অতি-বাম সংগঠন (DSO এবং মেডিক্যাল কলেজ ডেমোক্রেটিক স্টুডেন্টস অ্যাসোসিয়েশন)-এর মদতে চলে, তাঁরাই গোটা হাসপাতালকে জিম্মি করে এই তাণ্ডব চালিয়েছেন।” গোটা ঘটনার নিরপেক্ষ তদন্তে স্বাস্থ্য দফতরের তরফে তিন চিকিৎসকের (দিবাকর হালদার, সুমন্ত হালদার ও দীপঙ্কর রায়) একটি এনকোয়ারি কমিটি গঠন করা হয়েছে। হাসপাতালের সার্বিক নিরাপত্তার দায়িত্ব দেওয়া হয়েছে কলকাতা পুলিশের ডিসি (সেন্ট্রাল)-কে। মন্ত্রীর সাফ কথা, “বর্তমান সরকার আইনের শাসনে বিশ্বাস করে। রোগীদের জিম্মি করে বা পরিষেবা বন্ধ করে কোনও গুন্ডামি বরদাস্ত করা হবে না। তদন্তে দোষী প্রমাণিত হলে সাসপেন্ড করা হবে এবং আইন ভাঙলে রেজিস্ট্রেশন বাতিলের মতো কড়া পদক্ষেপও নেওয়া হবে।”

হাসপাতালের ভেতরে শিক্ষকদের নিগ্রহ এবং তাণ্ডবের ঘটনায় এবার তীব্র সমালোচনার মুখে পড়েছে আন্দোলনকারী অতি-বাম সংগঠন ও বিরোধীরা। সাধারণ রোগী, চিকিৎসক মহলের একাংশ এবং রাজনৈতিক বিশ্লেষকদের মতে, যাঁরা মুখে গণতন্ত্র ও ভদ্রতার বুলি আওড়ান, তাঁদের আসল চেহারা সিসিটিভি ফুটেজেই ফাঁস হয়ে গিয়েছে। ওয়াকিবহাল মহলের প্রশ্ন, নিজের পিতৃতুল্য শিক্ষক-চিকিৎসকদের গায়ে হাত তোলা এবং ‘চামড়া গুটিয়ে নেওয়ার’ হুমকি দেওয়া কোন ধরনের গণতান্ত্রিক আন্দোলন? রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশের অভিমত, রাজ্যে বিজেপি সরকার ক্ষমতায় আসার পর থেকেই সরকারি হাসপাতালগুলিতে স্বচ্ছতা ও শৃঙ্খলা ফেরানোর যে কাজ শুরু হয়েছে, তা বানচাল করতেই পরিকল্পিতভাবে অশান্তি পাকানোর চেষ্টা করছে অতি-বাম ও বিরোধী শিবিরের একটি অংশ। চোরবাগান কাণ্ডে আহতদের চিকিৎসা সংক্রান্ত বিষয়ে নিয়ম ভাঙার জন্য ৮ জন ইন্টার্নকে শোকজ করা হয়েছিল মাত্র; কিন্তু নিয়ম মানার বদলে সেই ইস্যুকে হাতিয়ার করে ক্যাম্পাসে নৈরাজ্য তৈরি করে আসলে গরিব রোগীদের পরিষেবাকেই বিপন্ন করার চক্রান্ত চলছে বলে মনে করছে নাগরিক সমাজ।

প্রশাসনিক ও সাধারণ মানুষের একাংশের মতে, বিগত জমানায় সরকারি হাসপাতালগুলিতে যেভাবে কথায় কথায় কর্মবিরতি, ঘেরাও এবং ‘থ্রেট কালচার’ চলত, বর্তমান বিজেপি সরকার সেই বিষবৃক্ষ উপড়ে ফেলতে বদ্ধপরিকর। নিজে একজন চিকিৎসক হওয়ায় স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায় যেমন সাধারণ মেধাবী পড়ুয়াদের স্বার্থ রক্ষা করছেন, তেমনই মুষ্টিমেয় বিশৃঙ্খলাকারীদের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ (Zero Tolerance) নীতি নিয়ে প্রমাণ করে দিয়েছেন যে, বাংলায় এখন আইনের শাসনই শেষ কথা। অন্যদিকে, স্বাস্থ্যমন্ত্রীর মন্তব্যের বিরোধিতা করে জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরস (JPD) এবং আন্দোলনকারী জুনিয়র ডাক্তারদের একাংশের দাবি, প্রশ্ন তুললেই তাঁদের ‘নকশাল’ তকমা দেওয়া হচ্ছে। বৃহস্পতিবার প্রতিবাদ মিছিলও করেন তাঁরা। তবে সাধারণ মানুষের প্রশ্ন, শিক্ষকদের গায়ে হাত তোলার মতো ঘৃণ্য অপরাধের পর এই ধরনের প্রতিবাদ আদতে নিজেদের দোষ ঢাকার মরিয়া চেষ্টা ছাড়া আর কিছুই নয়।