প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-পশ্চিমবঙ্গের স্কুল শিক্ষার ইতিহাসে এক যুগান্তকারী অধ্যায়ের সূচনা হলো। আজ থেকে কলকাতার একটি বড় অংশের সরকারি ও সরকার পোষিত বিদ্যালয়গুলিতে মিড-ডে মিলের রান্নার দায়িত্ব সম্পূর্ণভাবে তুলে দেওয়া হলো আন্তর্জাতিক আধ্যাত্মিক ও সমাজসেবামূলক সংস্থা ইসকন (ISKCON)-এর হাতে। আজ কলকাতার তারাতলায় ইসকনের অত্যাধুনিক সেন্ট্রালাইজড রান্নাঘর ‘অন্নদাতা ফাউন্ডেশন’ প্রাঙ্গণে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে এই মেগা কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।প্রাথমিক ও প্রতীকী পদক্ষেপ হিসেবে আজকের এই উদ্বোধনী অনুষ্ঠানে কলকাতার ৫টি স্কুলের মোট ৪০ জন পড়ুয়া উপস্থিত থাকছে। তাদের পাতেই প্রথম পরিবেশন করা হবে এই আহার। পাইলট প্রোজেক্ট হিসেবে প্রথম দফায় কলকাতার ৩০৯টি স্কুলের প্রায় ৩০,০০০ পড়ুয়া ইসকনের এই উন্নত মানের পুষ্টিকর খাবার পেতে চলেছে।

উল্লেখ্য, অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত বাজেটে কলকাতার পুর এলাকায় ইসকনকে মিড-ডে মিলের দায়িত্ব দেওয়ার কথা ঘোষণা করার পর থেকেই রাজ্য রাজনীতিতে তীব্র ‘আমিষ-নিরামিষ’ বিতর্ক শুরু হয়েছিল। বিরোধী দলগুলি অভিযোগ তোলে, ইসকনের নিরামিষ ভোজনের নিয়মের জেরে পড়ুয়ারা পুষ্টিকর ডিম থেকে বঞ্চিত হবে। তবে সেই সমস্ত জল্পনা ও সমালোচনা উড়িয়ে দিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নবান্ন থেকে স্পষ্ট করে দিয়েছেন যে, পড়ুয়াদের পুষ্টির সাথে কোনও আপস করা হবে না। মুখ্যমন্ত্রী জানান, “ইসকন তাদের নিজস্ব সাত্ত্বিকতা বজায় রেখে শুদ্ধ পুষ্টিকর নিরামিষ খাবার সরবরাহ করবে। কিন্তু তার বাইরেও ওড়িশা মডেল অনুসরণ করে রাজ্য সরকার স্বনির্ভর গোষ্ঠীর (SHG) মাধ্যমে সপ্তাহে ১-২ দিন পড়ুয়াদের আলাদা করে সেদ্ধ ডিম পরিবেশন করবে।”

উদ্বোধনী মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এক বিরাট ভবিষ্যৎ পরিকল্পনার কথা ঘোষণা করেন। প্রথম দফায় কলকাতায় এই পরিষেবা সফলভাবে চালু করার পর, খুব শীঘ্রই নদিয়া জেলা এবং পরবর্তীতে পর্যায়ক্রমে সমগ্র পশ্চিমবঙ্গ জুড়েই মিড-ডে মিলের দায়িত্ব ইসকনের হাতে তুলে দেওয়া হবে। এর পাশাপাশি পড়ুয়াদের স্বার্থে আরও একটি বড় সিদ্ধান্ত নিয়েছে নতুন বিজেপি সরকার। আগে হাইস্কুলে মাথাপিছু বরাদ্দ ১০ টাকা হলেও প্রাথমিক স্তরে তা ছিল মাত্র ৬ টাকা ৭৮ পয়সা। এই বৈষম্য দূর করে ১ আগস্ট থেকেই প্রাথমিকেও মিড-ডে মিলের মাথাপিছু বরাদ্দ বাড়িয়ে ১০ টাকা করার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। রাজ্য সরকার নিজের তহবিল থেকে এই অতিরিক্ত খরচ বহন করবে। একই সাথে মিড-ডে মিলের রাঁধুনিদের মাসিক ভাতাও ২,০০০ টাকা থেকে বাড়িয়ে ৩,০০০ টাকা করা হয়েছে।