প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-২০২৬-এর বিধানসভা নির্বাচনে বীরভূমের মাটিতে পদ্ম-শিবিরের এক অবিস্মরণীয় জয় এল সিউড়ি বিধানসভা কেন্দ্রে। দীর্ঘদিনের রাজনৈতিক সমীকরণ বদলে দিয়ে বড় ব্যবধানে জয়ী হয়েছেন বিজেপি প্রার্থী জগন্নাথ চট্টোপাধ্যায়। তবে জয়ের উচ্ছ্বাসে কেবল বিজয় মিছিলে সীমাবদ্ধ না থেকে, দায়িত্বভার গ্রহণ করেই সম্প্রীতির অনন্য নজির গড়লেন তিনি। ফল ঘোষণার পরই তিনি সরাসরি পৌঁছে গেলেন এলাকার সংখ্যালঘু অধ্যুষিত গ্রামগুলোতে।
নির্বাচনী ফলাফলের তথ্য অনুযায়ী, জগন্নাথ চট্টোপাধ্যায় তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী তৃণমূল কংগ্রেসের উজ্জ্বল চট্টোপাধ্যায়কে ২৮,৬৮৬ ভোটের ব্যবধানে পরাজিত করেছেন। সিউড়ির মত মিশ্র জনসংখ্যার এলাকায় এই জয়ের মার্জিন রাজনৈতিক ভাবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। ওয়াকিবহাল মহলের মতে, জগন্নাথবাবুর এই জয়ের পেছনে সবকা সাথ, সবকা বিকাশ-এর মন্ত্র এবং সর্বস্তরের মানুষের সমর্থন কাজ করেছে।
জয়ের পরেই সংখ্যালঘু প্রধান গ্রামগুলোতে গিয়ে গ্রামবাসীদের সঙ্গে সরাসরি কথা বলেন নবনির্বাচিত বিধায়ক। সেখানে তিনি স্পষ্ট ভাষায় আশ্বস্ত করে বলেন, “নির্বাচন ছিল একটি গণতান্ত্রিক প্রক্রিয়া, যা এখন শেষ। এখন থেকে আমরা সবাই সিউড়ির বাসিন্দা। অতীতে রাজনৈতিক প্রেক্ষাপটে যা ঘটেছে বা যে অশান্তির পরিবেশ ছিল, তা আর ঘটবে না। ধর্মের ভিত্তিতে কোনো বিভেদ আমি হতে দেব না।”
তিনি কড়া বার্তা দিয়ে আরও জানান যে, এলাকার শান্তি বিঘ্নিত করার চেষ্টা করলে কাউকে রেয়াত করা হবে না। জগন্নাথবাবুর কথায়, “বিজেপির নাম ব্যবহার করে যদি কেউ সাধারণ মানুষের সঙ্গে অভদ্রতা বা অশান্তি করার চেষ্টা করে, তবে দল তাদের পাশে নেই। পুলিশ ও প্রশাসনকে স্পষ্ট নির্দেশ দেওয়া হয়েছে যাতে যে কোনো অপ্রীতিকর ঘটনায় কড়া ব্যবস্থা নেওয়া হয়।”
এলাকার সংখ্যালঘু ভাই-বোনদের উদ্দেশ্যে তিনি জানান, আগামী পাঁচ বছর সিউড়িতে একটি ভয়মুক্ত এবং শান্তিপূর্ণ রাজনৈতিক পরিবেশ বজায় রাখাই তাঁর প্রধান অঙ্গীকার। সরকারি পরিষেবা এবং উন্নয়নের সুফল যাতে প্রতিটি প্রান্তিক মানুষের দুয়ারে পৌঁছায়, তা নিশ্চিত করতে তিনি বদ্ধপরিকর।
রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে, সিউড়ির এই জয়ের পর জগন্নাথ চট্টোপাধ্যায়ের এই ‘মন জয় করার’ পদক্ষেপ আগামী দিনে বীরভূমের রাজনীতিতে এক নতুন ধারার সূচনা করতে পারে।