প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-সাতসকালে ভয়াবহ ও অত্যন্ত হৃদয়বিদারক পথ দুর্ঘটনার সাক্ষী থাকল মুর্শিদাবাদ। লাইন পার হতে যাওয়ার সময় একটি দ্রুতগামী ট্রেনের নিচে চলে গেল পড়ুয়াবোঝাই স্কুলগাড়ি। ট্রেনের তীব্র ধাক্কায় দুমড়েমুচড়ে খড়কুটোর মতো উড়ে যায় গাড়িটি। এই কালান্তক দুর্ঘটনায় ঘটনাস্থলেই চালকসহ ৩ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। আহত হয়েছে বেশ কয়েকজন স্কুল পড়ুয়া। শুক্রবার সকালে পূর্ব রেলের কাটোয়া-আজিমগঞ্জ শাখার কর্ণসুবর্ণ এবং গোবিন্দপুর স্টেশনের মধ্যবর্তী একটি লেভেল ক্রসিংয়ে এই হাড়হিম করা ঘটনাটি ঘটেছে। দুর্ঘটনার খবর চড়ামাত্রই এলাকায় তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়েছে, ক্ষোভে ফুঁসছেন স্থানীয় বাসিন্দারা।
স্থানীয় ও রেল সূত্রে জানা গিয়েছে, আজ সকালে মুর্শিদাবাদের বড়ঞা এলাকার একটি বেসরকারি স্কুলের গাড়ি পড়ুয়াদের নিয়ে কর্ণসুবর্ণ ও গোবিন্দপুরের মাঝে থাকা একটি লেভেল ক্রসিং পার হচ্ছিল। ঠিক সেই সময়ই আপ লাইন ধরে তীব্র গতিতে আসছিল নিমতিতা-কাটোয়া প্যাসেঞ্জার ট্রেনটি। অভিযোগ, চালক ট্রেন চলে আসার বিষয়টি খেয়াল না করেই গাড়িটি লাইনের ওপর তুলে দেন। মুহূর্তের মধ্যে কালান্তক রূপ নিয়ে ট্রেনটি এসে সজোরে ধাক্কা মারে স্কুলগাড়িটিকে। ট্রেনের ধাক্কায় গাড়িটি বহুদূর ছিটকে গিয়ে নয়ানজুলিতে পড়ে।
বিকট আওয়াজ শুনে মাঠ থেকে ছুটে আসেন স্থানীয় বাসিন্দারা। তাঁরাই প্রথম উদ্ধারকাজে হাত লাগান। দুমড়েমুচড়ে যাওয়া স্কুলগাড়ির ভেতর থেকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করা হয় চালক ও পড়ুয়াদের। জানা গিয়েছে, ঘটনাস্থলেই ৩ জনের মৃত্যু হয়েছে, যার মধ্যে স্কুলগাড়ির চালক এবং দুই স্কুল পড়ুয়া রয়েছে বলে প্রাথমিক সূত্রে খবর। বাকি আহতদের আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে দ্রুত কান্দি মহকুমা হাসপাতালে পাঠানো হয়েছে।
এদিকে এই মর্মান্তিক দুর্ঘটনার খবর ছড়াতেই এলাকায় ক্ষোভ ফেটে পড়ে। অরক্ষিত রেল গেট এবং ট্রাফিক ব্যবস্থার গাফিলতির অভিযোগ তুলে ক্ষুব্ধ গ্রামবাসীরা রেললাইনে বসে বিক্ষোভ দেখাতে শুরু করেন। যার জেরে কাটোয়া-আজিমগঞ্জ শাখায় আপ ও ডাউন লাইনে ট্রেন চলাচল সাময়িকভাবে সম্পূর্ণ স্তব্ধ হয়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে রেল পুলিশ (GRP) এবং বড়ঞা থানার বিশাল পুলিশ বাহিনী। গোটা এলাকায় এখন শোকের ছায়া নেমে এসেছে।