প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-লোকসভা বা বিধানসভা নির্বাচন নয়, বাংলার বেকার যুবকদের জন্য আজ সবথেকে বড় উৎসবের দিন! হুগলির ডানকুনির পর এবার ভারী শিল্পের এক বিরাট জোয়ার আছড়ে পড়ল লাল মাটির জেলা বাঁকুড়ায়। আজ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর হাত ধরে বাঁকুড়ার মেজিয়ায় ইস্পাত শিল্পের অন্যতম জায়ান্ট ‘শ্যাম স্টিল’ (Shyam Steel)-এর মেগা কারখানার নতুন ইউনিটের আনুষ্ঠানিক শিলান্যাস ও ভিত্তিপ্রস্তর স্থাপন হতে চলেছে। এই কারখানাটি সম্পূর্ণ চালু হলে বাঁকুড়া সহ দক্ষিণবঙ্গের অন্তত ১০ হাজার মানুষের সরাসরি কর্মসংস্থানের এক নজিরবিহীন সুযোগ তৈরি হবে।
সবচেয়ে বড় চমক হলো, রাজ্যের এই মেগা শিল্পায়নের মহাযজ্ঞে আজ একই মঞ্চে হাজির থাকছেন হেভিওয়েট নেতারা। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীর পাশাপাশি উপস্থিত থাকবেন বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য। এছাড়াও থাকবেন রাজ্যের পূর্ত ও সড়ক দপ্তরের মন্ত্রী অজয়কুমার পোদ্দার-সহ একঝাঁক শীর্ষ শিল্পপতি। মেজিয়ার এই মেগা প্রজেক্টকে ঘিরে গোটা জেলা জুড়ে এখন বিপুল উদ্দীপনা।
ডানকুনির শিল্প পরিকাঠামোর সাফল্যের পর রাজ্য সরকার বাঁকুড়ার মেজিয়াকে ভারী শিল্পের পরবর্তী হাব বা কেন্দ্র হিসেবে বেছে নিয়েছে। শ্যাম স্টিল কর্তৃপক্ষ জানিয়েছে, মেজিয়ার এই নতুন ইউনিটে সর্বাধুনিক প্রযুক্তির সাহায্যে ইস্পাত উৎপাদন করা হবে। এই কারখানাকে কেন্দ্র করে আগামী দিনে এলাকায় আরও একাধিক ছোট-বড় অনুসারী শিল্প (Ancillary Industries) গড়ে ওঠার বিপুল সম্ভাবনা তৈরি হয়েছে। এর ফলে বাঁকুড়া, পুরুলিয়া ও বর্ধমানের বিস্তীর্ণ অঞ্চলের অর্থনৈতিক চেহারাটাই পুরোপুরি বদলে যাবে বলে মনে করছেন অর্থনীতিবিদরা।
কারখানা কর্তৃপক্ষের দাবি, এই নতুন ইউনিটে বিপুল বিনিয়োগের ফলে অন্তত ১০ হাজার মানুষের রুজি-রুজির পাকাপাকি বন্দোবস্ত হবে। প্রত্যক্ষ কর্মসংস্থানের পাশাপাশি পরোক্ষভাবে আরও কয়েক হাজার মানুষ উপকৃত হবেন। এদিকে, রাজনৈতিক দিক থেকেও মেজিয়ার এই অনুষ্ঠানটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ হতে চলেছে। বাংলার বুকে শিল্পের প্রসারে যে কেন্দ্র ও রাজ্য একযোগে কাজ করতে প্রস্তুত, মুখ্যমন্ত্রী এবং বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যের এক মঞ্চে উপস্থিতি সেই বার্তাই দিচ্ছে। মেজিয়ার এই মেগা ভিত্তিপ্রস্তরের হাত ধরে বাংলায় ভারী শিল্পের এক নতুন সোনালী যুগের সূচনা হলো।