প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-তৃণমূলের অন্দরে মহাধসের মাঝেই এবার দলত্যাগীদের তীব্র ভাষায় বিঁধলেন শ্রীরামপুরের তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। একের পর এক হেভিওয়েট নেতার দল ছাড়ার ঘটনায় যখন রাজ্য রাজনীতি তোলপাড়, ঠিক তখনই তাঁর এই বিস্ফোরক মন্তব্য দলীয় কোন্দল এবং ক্ষোভকে এক ধাক্কায় কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে।
কামারহাটির বিধায়ক মদন মিত্র এবং রাজ্যসভার সাংসদ রুক্মিণী মল্লিকের মতো প্রথম সারির নেতাদের দল ছাড়ার প্রসঙ্গে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তীব্র ক্ষোভ উগরে দেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। কিছুটা কটাক্ষের সুরে তিনি সাফ জানান, “যে যেখানে গেলে ভালো থাকবে, নিরাপদ থাকবে, সে যাক।” তাঁর এই “নিরাপদ” শব্দটির ব্যবহার ঘিরে ইতিমধ্যেই রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে। অনেকেই মনে করছেন, কেন্দ্রীয় এজেন্সির হাত থেকে বাঁচতেই নেতারা দল ছাড়ছেন, এমনটাই ইঙ্গিত করতে চেয়েছেন তিনি। এর পাশাপাশি দলত্যাগীদের রাজনৈতিক সততা নিয়ে প্রশ্ন তুলে তিনি আরও বলেন, “সবাই বিজেপিতে যেতে চাইছে যাক, ও পদত্যাগ করেছে আগে করেনি কেন?”
দলের এই কঠিনতম সংকটের মুহূর্তেও দলনেত্রীর প্রতি নিজের অবিচল আনুগত্য প্রকাশ করেছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তিনি জোর গলায় দাবি করেন, সাংসদ বা বিধায়করা যে যাঁর মতো সিদ্ধান্ত নিতেই পারেন। কিন্তু তাতে তৃণমূলের কোনো ক্ষতি হবে না। কারণ, পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ এবং তৃণমূলের আসল নিষ্ঠাবান কর্মীরা আজও মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেওয়ালে পিঠ ঠেকিয়ে লড়াই করতে প্রস্তুত।