প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-রাজ্যে পালাবদলের পরেই উন্নয়নের চাকায় গতি বাড়াল নতুন সরকার। নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী, পশ্চিমবঙ্গের মা-বোনেদের জন্য বড় উপহারের ডালি সাজিয়ে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আগামী ১ জুন থেকেই রাজ্যের সমস্ত সরকারি বাসে মহিলারা পাবেন সম্পূর্ণ বিনামূল্যে ভ্রমণের সুবিধা।

মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর থেকেই প্রশাসনিক তৎপরতা ছিল তুঙ্গে। নবান্নে আয়োজিত প্রথম মন্ত্রিসভার বৈঠকেই মুখ্যমন্ত্রী স্পষ্ট জানিয়ে দেন, নারীশক্তির ক্ষমতায়নই তাঁর সরকারের অগ্রাধিকার। সেই লক্ষ্যেই সরকারি বাসে মহিলাদের ‘জিরো টিকিট’ বা বিনামূল্যে যাতায়াতের ফাইলে সবুজ সঙ্কেত দেওয়া হয়েছে। রাজনৈতিক মহলের মতে, ক্ষমতায় আসার এত কম সময়ের মধ্যে এমন বড় সিদ্ধান্ত আগে কখনও দেখেনি বাংলা।

সরকারি এই নির্দেশিকা অনুযায়ী, আগামী ১ জুন থেকে পশ্চিমবঙ্গ পরিবহন নিগমের (WBTC) সমস্ত বাসসহ SBSTC এবং NBSTC-র সরকারি বাসে মহিলাদের আর টিকিট কাটতে হবে না। তবে এই সুবিধা আপাতত শুধুমাত্র সাধারণ বাসের ক্ষেত্রে প্রযোজ্য হবে। এই সিদ্ধান্তের ফলে সবচেয়ে বেশি উপকৃত হবেন নিম্নবিত্ত ও মধ্যবিত্ত পরিবারের কর্মজীবী মহিলারা এবং স্কুল-কলেজ পড়ুয়া ছাত্রীরা।

বিশেষজ্ঞদের মতে, এই প্রকল্পের মাধ্যমে রাজ্যের কয়েক কোটি মহিলা সরাসরি উপকৃত হবেন। প্রতিদিন যাতায়াতের খরচ বাবদ একজন মহিলার যে টাকা সাশ্রয় হবে, তা দিয়ে তাঁরা পরিবারের অন্যান্য প্রয়োজনীয় চাহিদা পূরণ করতে পারবেন। সরকারের এই জনমুখী সিদ্ধান্তে রাজ্যের পরিবহণ দপ্তরের ওপর চাপ বাড়লেও, সাধারণ মানুষের সুবিধার্থেই এই পদক্ষেপ বলে জানিয়েছে নবান্ন।

এই খবর ছড়িয়ে পড়তেই রাজ্যজুড়ে খুশির লহর বয়ে গিয়েছে। সাধারণ মহিলাদের বক্তব্য, “আমরা এমন একজন মুখ্যমন্ত্রী চেয়েছিলাম যিনি সাধারণ মানুষের মনের কথা বুঝবেন। শুভেন্দু বাবু কথা রেখেছেন।” অন্যদিকে, মন্ত্রিসভার এই সিদ্ধান্তে স্পষ্ট যে, শুধু প্রতিশ্রুতি নয়, বাস্তবায়নের দিকেও সমান নজর দিচ্ছে এই নতুন সরকার।