প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-উপনির্বাচনের মহারণের আগেই বড়সড় ধাক্কা খেল রাজ্যের প্রধান বিরোধী দল তৃণমূল কংগ্রেস। দলের অন্দরের নির্বাচনী রণকৌশল ও ব্যর্থতা নিয়ে সরাসরি সোশাল মিডিয়ায় বোমা ফাটালেন তৃণমূলের বেলেঘাটার বিধায়ক কুণাল ঘোষ। উপনির্বাচনকে কেন্দ্র করে দলের ‘কৌশলগত ভুল’ এবং চরম সংকটের মাঝেই আজ নিজের সামাজিক মাধ্যমে এক দীর্ঘ ও ইঙ্গিতপূর্ণ পোস্টে কার্যত আত্মসমালোচনার সুর চড়িয়ে নিজের দলকেই কাঠগড়ায় দাঁড় করিয়েছেন তিনি। শাসকদল বিজেপি এবং মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর পাতা ফাঁদে তৃণমূল নেতৃত্ব কীভাবে পা দিল, তা নিয়ে অত্যন্ত কড়া ভাষায় প্রশ্ন তুলেছেন কুণাল। তাঁর এই মন্তব্য প্রকাশ্যে আসতেই রাজনৈতিক মহলে তীব্র শোরগোল পড়ে গিয়েছে। যদিও সোশাল মিডিয়ায় এই পোস্ট করার কিছুক্ষণের মধ্যেই তা ডিলিট করে দেন তিনি, তবে ততক্ষণে যা ক্ষতি হওয়ার তা হয়ে গিয়েছে বলেই মনে করছে রাজনৈতিক মহল।
সামাজিক মাধ্যমে কুণাল ঘোষ অত্যন্ত ক্ষোভের সঙ্গে লিখেছিলেন, “শুধু শুভেন্দু অধিকারী বা বিজেপিকে দোষ দিলে হবে না। ওরা হাঁড়িকাঠ পেতে রেখেছে, আমরা গলা রাখলাম কেন? কেন আমরা পরিস্থিতি অনুধাবন করলাম না?” তিনি তাঁর পোস্টে উপনির্বাচন ও প্রার্থী নির্বাচন নিয়ে তৈরি হওয়া একের পর এক ধাক্কার দিকেই স্পষ্ট ইঙ্গিত করেছেন। শত্রুর পাতা ফাঁদে পা না দিয়ে পরিস্থিতি কেন আগে বোঝা গেল না, সেই প্রশ্নও তোলেন তিনি।
নির্দিষ্ট কয়েকটি উপনির্বাচনের মুখে দাঁড়িয়ে কুণাল ঘোষের এই পোস্টকে রাজনৈতিক বিশ্লেষকরা অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন। কুণাল ঘোষ নিজেই তাঁর পোস্টে সরাসরি স্বীকার করেছেন যে, ভুল রাজনৈতিক ও নির্বাচনী কৌশলের কারণে আজ দল ও প্রার্থী নিয়ে একের পর এক ধাক্কা খেতে হচ্ছে এবং এই মুখ পোড়ার দায় এখন দলের সকলকেই নিতে হচ্ছে। শাসক দল বিজেপির চাপের মুখে যখন সুনির্দিষ্ট পরিকল্পনা নিয়ে এগোনোর দরকার ছিল, তখন তৃণমূল নেতৃত্ব তড়িঘড়ি ভুল পথে পা বাড়িয়ে নিজেদের কোণঠাসা করে ফেলল কি না, কুণালের এই ডিলিট হওয়া পোস্টের পর সেই চর্চায় এখন মুখর রাজনৈতিক মহল। ভোটের ময়দানে নামার আগেই কুণাল ঘোষের এই মন্তব্য তৃণমূলের সাধারণ কর্মী-সমর্থকদের মনোবল বড়সড় ধাক্কা দিল বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।