প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-বাংলায় নতুন রাজনৈতিক যুগের সূচনা হতেই শুরু হলো উন্নয়নের মহোৎসব। শপথ নেওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই অ্যাকশন মুডে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন নতুন বিজেপি সরকার। সোমবার নবান্নে আয়োজিত প্রথম মন্ত্রিসভার বৈঠকেই নেওয়া হলো এক ঐতিহাসিক ও যুগান্তকারী সিদ্ধান্ত। নির্বাচনী প্রতিশ্রুতি বা ‘মোদীর গ্যারান্টি’ রক্ষা করে আগামী ১ জুন ২০২৬ থেকেই রাজ্যে কার্যকর হতে চলেছে বহু প্রতীক্ষিত ‘অন্নপূর্ণা ভাণ্ডার’ প্রকল্প।
নির্বাচনের ময়দানে বিজেপি প্রতিশ্রুতি দিয়েছিল, ক্ষমতায় এলে রাজ্যের মা-বোনেদের আর্থিক সুরক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে। সেই কথা রাখতেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী প্রথম দিনেই প্রকল্পের ঘোষণা সেরে ফেললেন। পূর্বতন ‘লক্ষ্মীর ভাণ্ডার’ প্রকল্পের নাম ও কলেবর পরিবর্তন করে এখন আরও শক্তিশালী রূপে আসছে ‘অন্নপূর্ণা ভাণ্ডার’। যেখানে ভাতার পরিমাণ বাড়িয়ে একলাফে কয়েক গুণ করা হয়েছে।
রাজনৈতিক মহলের মতে, প্রথম বৈঠকেই এই বড় সিদ্ধান্ত নেওয়ার মাধ্যমে সরকার স্পষ্ট করে দিল যে নারী ক্ষমতায়ন এবং মা-বোনেদের সম্মান রক্ষাই তাদের মূল লক্ষ্য। এই ঘোষণার পর থেকেই রাজ্যজুড়ে মহিলাদের মধ্যে খুশির জোয়ার দেখা যাচ্ছে। বিজেপি নেতৃত্ব একে “প্রকৃত নারী কল্যাণের শুরু” হিসেবে অভিহিত করছে। প্রশাসন সূত্রে জানা গেছে, প্রকল্পের আবেদন প্রক্রিয়া, প্রয়োজনীয় নথি এবং নির্দিষ্ট নির্দেশিকা খুব শীঘ্রই রাজ্য সরকারের অফিশিয়াল পোর্টাল এবং বিভিন্ন ক্যাম্পের মাধ্যমে বিস্তারিতভাবে জানিয়ে দেওয়া হবে।