প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-মেদিনীপুরের চাঞ্চল্যকর শালবনি জমি দুর্নীতি মামলায় এক নজিরবিহীন নাটকীয় মোড়! দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টে আগাম জামিনের আবেদন খারিজ হতেই তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক (PA) সুমিত রায়কে গ্রেফতার করল রাজ্য সিআইডি (CID)।বৃহস্পতিবার দুপুরে রাজ্য গোয়েন্দা সংস্থা (CID) এবং স্পেশাল টাস্ক ফোর্সের (STF) একটি যৌথ টিম আচমকাই কালীঘাটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাসভবনে হানা দেয়। সুপ্রিম কোর্টের আইনি সবুজ সংকেত মিলতেই পুলিশ দ্রুত পদক্ষেপ নেয় এবং অভিষেকের বাড়ি থেকেই সুমিত রায়কে নিজেদের হেফাজতে নেয়।

পশ্চিম মেদিনীপুরের শালবনিতে সরকারি জমি জালিয়াতি ও বেআইনিভাবে তা হস্তান্তরের অভিযোগে সুমিত রায়ের বিরুদ্ধে মামলা রুজু হয়েছিল। এর আগে কলকাতা হাইকোর্ট তাঁর আগাম জামিনের আর্জি নাকচ করে দেওয়ার পর তিনি সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন। শীর্ষ আদালত প্রথমে তাঁকে অন্তর্বর্তীকালীন রক্ষাকবচ দিলেও, আজ বৃহস্পতিবার সুমিত রায়ের জামিনের আবেদন সম্পূর্ণ খারিজ করে দেয় এবং পূর্বের রক্ষাকবচের নির্দেশ তুলে নেয়। শুনানি চলাকালীন তদন্তে অসহযোগিতা এবং সন্দেহজনক আর্থিক লেনদেনের প্রসঙ্গ উঠে আসে, যার পরেই আদালত জানায় যে তদন্তের স্বার্থে অভিযুক্তকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন।

কালীঘাটের বাড়ি থেকে গ্রেফতারের পর কড়া নিরাপত্তায় সুমিত রায়কে সরাসরি নিয়ে যাওয়া হয় সিআইডি-র সদর দফতর ভবানী ভবনে। সেখানে প্রাথমিক প্রক্রিয়া ও জিজ্ঞাসাবাদের পর নিয়মমাফিক স্বাস্থ্য পরীক্ষার জন্য তাঁকে নিয়ে যাওয়া হয়েছে এসএসকেএম (SSKM) হাসপাতালে। সিআইডি সূত্রে জানা গিয়েছে, আইনি প্রক্রিয়া সেরে আগামীকাল অর্থাৎ শুক্রবার তাঁকে মেদিনীপুর জেলা আদালতে পেশ করা হবে।