প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-
২৬ এর বিধানসভা নির্বাচনে বাংলার শাসক শিবিরকে সবথেকে বড় ধাক্কা দিতে তৈরি গেরুয়া ব্রিগেড। সূত্রের খবর, বুধবার দিল্লিতে বিজেপির কেন্দ্রীয় নির্বাচন কমিটির হাইভোল্টেজ বৈঠকে বাকি ১৫০টি আসনের প্রার্থী তালিকা চূড়ান্ত হয়ে গিয়েছে। আর সেই তালিকায় সবথেকে বড় চমক হিসেবে উঠে আসছে পানিহাটি কেন্দ্রের নাম। খবর রটেছে, আরজিকর কাণ্ডে ন্যায়বিচারের লড়াইয়ের মুখ হয়ে ওঠা অভয়ার মা-ই হতে চলেছেন এই কেন্দ্রের বিজেপি প্রার্থী।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের উপস্থিতিতে গতকালের বৈঠকে বাংলার প্রার্থী তালিকা নিয়ে দীর্ঘ আলোচনা হয়েছে। বুধবার রাতেই তালিকার শেষ মুহূর্তের কাজ শেষ হয়েছে। আজ বিকেলের মধ্যেই বিজেপির দ্বিতীয় দফার এই তালিকা প্রকাশ হওয়ার প্রবল সম্ভাবনা। রাজনৈতিক মহলের মতে, প্রথম দফায় ১৪৪ জন প্রার্থীর নাম ঘোষণার পর দ্বিতীয় তালিকায় পানিহাটির এই নাম শাসক দলের রাতের ঘুম কেড়ে নিতে পারে।
এখন প্রশ্ন উঠছে, এতে কেন চাপে শাসক দল? পানিহাটির ঘরের মেয়ে অভয়ার পরিবারের কাউকে প্রার্থী করে বিজেপি সরাসরি ‘তিলোত্তমা’র জন্য ন্যায়বিচারের দাবিকে বিধানসভা ভোটের প্রধান ইস্যু করতে চাইছে। বলা বাহুল্য, কয়েকদিন আগেই অর্জুন সিং অভয়ার বাড়িতে গিয়ে তাঁর বাবা-মায়ের সঙ্গে যে বৈঠক করেছিলেন, তা কেবল সৌজন্য ছিল না বলেই মনে করা হচ্ছে। অর্জুনের সেই মাস্টারস্ট্রোকই কি আজ আনুষ্ঠানিক রূপ পেতে চলেছে? কেননা অভয়ার মা প্রার্থী হলে পানিহাটির মাটিতে তৃণমূলের প্রচার করা নৈতিকভাবে কঠিন হয়ে দাঁড়াবে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।
বিজেপির অন্দরের খবর অনুযায়ী, দ্বিতীয় তালিকায় কেবল অভয়ার মা নন, আরও একাধিক সামাজিক ও পরিচিত মুখকে সামনে আনতে চলেছে দল। পানিহাটির এই ‘বিস্ফোরক’ প্রার্থীপদ নিয়ে আপাতত রাজ্য রাজনীতিতে টানটান উত্তেজনা। বিকেলের মধ্যেই কি পানিহাটির লড়াইয়ের নতুন সমীকরণ স্পষ্ট হবে? নজর রাখুন প্রিয়বন্ধু মিডিয়ায়।