প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-আগামীকাল, ঐতিহাসিক ২০ জুন পশ্চিমবঙ্গ দিবসে এক অনন্য ও আবেগঘন মুহূর্তের সাক্ষী হতে চলেছে গোটা রাজ্য। বাংলার মাটি, সংস্কৃতি ও আত্মপরিচয়ের সাথে জড়িয়ে থাকা এক পরম পবিত্র স্থান—হুগলির তারকেশ্বরে পা রাখতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কিন্তু তাঁর এই হাই-ভোল্টেজ সফর শুরু হওয়ার কয়েক ঘণ্টা আগেই সোশ্যাল মিডিয়ায় এক অত্যন্ত ইঙ্গিতপূর্ণ ও তাৎপর্যপূর্ণ পোস্ট করেছেন প্রধানমন্ত্রী, যা ইতিমধ্যেই নেটদুনিয়ায় এবং রাজ্যের রাজনৈতিক মহলে ব্যাপক তোলপাড় সৃষ্টি করেছে। রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে, এই পোস্টের ছত্রে ছত্রে লুকিয়ে রয়েছে আগামী দিনে বাংলার জন্য মোদীজির এক বিরাট মহাপরিকল্পনা।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাঁর পোস্টে স্পষ্ট করে দিয়েছেন যে, এই সফর কেবল একটি সাধারণ প্রশাসনিক কর্মসূচি নয়, বরং এর পেছনে রয়েছে এক গভীর ঐতিহাসিক ও আবেগগত যোগসূত্র। তিনি লিখেছেন, “আগামীকাল ২০ জুন অত্যন্ত তাৎপর্যপূর্ণ, কারণ এই দিন আমরা ‘পশ্চিমবঙ্গ দিবস’ উদযাপন করছি। আর এই মহতী উৎসবের মূল কেন্দ্রবিন্দু হতে চলেছে হুগলি জেলার তারকেশ্বর।” কিন্তু রাজনৈতিক মহলে সবচেয়ে বেশি চর্চা হচ্ছে তাঁর পোস্টের পরের অংশটি নিয়ে। তারকেশ্বরকে বেছে নেওয়ার পেছনের ঐতিহাসিক গুরুত্ব স্মরণ করিয়ে মোদীজি লিখেছেন, “ড. শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের অমর স্মৃতি এবং বাংলার সংস্কৃতি ও ঐতিহ্য রক্ষার লড়াইয়ের সাথে এই স্থানটির নাম জড়িয়ে থাকায় এটি অত্যন্ত আইকনিক।” ওয়াকিবহাল মহলের মতে, এই লাইনের মাধ্যমে প্রধানমন্ত্রী বাংলার সাধারণ মানুষকে অত্যন্ত চতুরতার সাথে মনে করিয়ে দিয়েছেন যে, ড. শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় যদি সেদিন লড়াই না করতেন, তবে আজকের এই পশ্চিমবঙ্গ মানচিত্রেই থাকত না। এই পোস্টের মাধ্যমে তিনি যেন বাংলার হারানো গৌরব ফিরিয়ে আনার এক নতুন সঙ্কল্পের ইঙ্গিত দিলেন।

প্রধানমন্ত্রীর এই পোস্টটি কেবল ইতিহাসের পাতায় সীমাবদ্ধ নয়, এতে রয়েছে বাংলার মানুষের জন্য এক বড় ‘বিকাশ’-এর রূপরেখাও। বিজেপি শিবিরের মতে, রাজ্যের সাধারণ মানুষের সার্বিক উন্নয়নের দায়িত্ব সরাসরি নিজের কাঁধে তুলে নিয়েছেন মোদীজি।তারকেশ্বরের পবিত্র মাটি থেকে প্রধানমন্ত্রী বাংলার মানুষের জন্য প্রায় ৫৯০ কোটি টাকার একাধিক রেল ও গ্রামীণ সড়ক প্রকল্পের শুভ উদ্বোধন ও শিলান্যাস করবেন। পশ্চিমবঙ্গ দিবসের এই পুণ্যলগ্নেই দেশজুড়ে কোটি কোটি কৃষকের মুখে হাসি ফুটিয়ে প্রধানমন্ত্রী ‘পিএম-কিষাণ’ যোজনার ২৩তম কিস্তির মোট ১৮,৮৮০ কোটি টাকা সরাসরি কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ট্রান্সফার করবেন, যার সুবিধা পাবেন বাংলার লাখ লাখ বঞ্চিত কৃষকও।

প্রধানমন্ত্রীর এই ইঙ্গিতপূর্ণ সফরের দ্বিতীয় দিন, অর্থাৎ ২১ জুন আন্তর্জাতিক যোগ দিবসে কলকাতার রেড রোডে এক ঐতিহাসিক যোগা সেশনে নেতৃত্ব দেবেন স্বয়ং মোদীজি। এরপর কলকাতা বন্দর থেকে ভারতীয় নৌবাহিনীর তিনটি সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি শক্তিশালী যুদ্ধজাহাজ—INS Dunagiri, INS Sanshodhak এবং INS Agray দেশবাসীর উদ্দেশ্যে উৎসর্গ করবেন তিনি, যা পূর্ব ভারতে দেশের সামরিক ও কৌশলগত শক্তিকে এক নতুন উচ্চতায় নিয়ে যাবে। ড. শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের স্বপ্নপূরণ এবং বাংলার সংস্কৃতি রক্ষা করে ‘সোনার বাংলা’ গড়ার যে দীর্ঘমেয়াদি সঙ্কল্প মোদীজি নিয়েছেন, তাঁর আজকের এই পোস্ট তারই এক জোরালো ও ঐতিহাসিক ইঙ্গিত। প্রধানমন্ত্রীর এই পোস্টের পর এখন গোটা বাংলার চোখ আগামীকালকের তারকেশ্বরের সভার দিকে।