প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-বীরভূমের এক মর্মান্তিক ও ভয়াবহ অগ্নিকাণ্ডে সাধারণ মানুষের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আজ, সোমবার (১৭ আগস্ট ২০২৬) নিজের অফিশিয়াল এক্স (X) হ্যান্ডেলে একটি বিশেষ পোস্টের মাধ্যমে এই দুর্ঘটনায় নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন তিনি। বীরভূমের এই বেদনাদায়ক অগ্নিকাণ্ড ও প্রাণহানির ঘটনায় শোকপ্রকাশ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাঁর এক্স (X) পোস্টে লিখেছেন:”বীরভূমে অগ্নিকাণ্ডে প্রাণহানির ঘটনায় গভীরভাবে মর্মাহত। যাঁরা তাঁদের প্রিয়জনকে হারিয়েছেন, তাঁদের প্রতি আমার সমবেদনা জানাই। আহতরা দ্রুত সুস্থ হয়ে উঠুন, এই কামনা করি।”
প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে, বীরভূম জেলার এই অগ্নিকাণ্ডের ফলে প্রাণহানির পাশাপাশি বেশ কয়েকজন গুরুতর জখম হয়েছেন। আহতদের দ্রুত উদ্ধার করে স্থানীয় হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে এবং তাঁদের চিকিৎসা চলছে।প্রধানমন্ত্রী আহতদের দ্রুত আরোগ্য কামনা করার পাশাপাশি উদ্ধারকার্য ও চিকিৎসার সুব্যবস্থা নিশ্চিত করার বার্তা দিয়েছেন।
ভয়াবহ এই অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ খতিয়ে দেখতে ইতিমেধ্যই দমকল ও পুলিশ প্রশাসন তদন্ত শুরু করেছে। এই মর্মান্তিক ট্র্যাজেডি এবং তার ওপর খোদ প্রধানমন্ত্রীর এই শোকবার্তা দেশজুড়ে ব্যপক আলোড়ন সৃষ্টি করেছে।