প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-গোটা দেশজুড়ে আজ মহাসমারোহে উদযাপিত হচ্ছে ভারতের ৮০তম স্বাধীনতা দিবস। আজ শনিবার সকালে দিল্লির ঐতিহাসিক লালকেল্লায় উপস্থিত হয়ে জাতীয় পতাকা উত্তোলন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দেশের প্রধানমন্ত্রী হিসেবে আজ তিনি টানা ১৩ তম বার লালকেল্লা থেকে তেরঙা পতাকা ওড়ানোর এক অনন্য নজির গড়লেন। সকাল ৭টা ১৫ মিনিটে লালকেল্লা প্রাঙ্গণে প্রধানমন্ত্রী পৌঁছালে তাঁকে সামরিক কায়দায় ‘গার্ড অব অনার’ দেওয়া হয়। এরপর ঠিক প্রোটোকল মেনে তিনি রশি টেনে জাতীয় পতাকা উন্মোচন করেন।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তেরঙা পতাকা উত্তোলন করার ঠিক সাথে সাথেই সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি ১০৫ মিলিমিটার লাইট ফিল্ড গান থেকে ২১টি তোপের ঐতিহাসিক সালামি (21-Gun Salute) দেওয়া হয়। জাতীয় পতাকা আকাশে ওড়ার সাথে সাথেই ভারতীয় বায়ুসেনার দুটি বিশেষ Mi-17 হেলিকপ্টার লালকেল্লা চত্বরে উপস্থিত মানুষের ওপর আকাশ থেকে পুষ্পবৃষ্টি করে। এর মধ্যে একটি হেলিকপ্টার ভারতের জাতীয় পতাকা এবং অন্যটি রাষ্ট্রীয় গীত ‘বন্দে মাতরম’ খচিত ব্যানার বহন করছিল। প্রথমবার বন্দে মাতরমের সুর ও তরুণ শক্তির জোয়ারপতাকা উত্তোলনের পর বিগত ৮ দশকের প্রথা ভেঙে এই প্রথম স্বাধীনতা দিবসের মূল সরকারি অনুষ্ঠানে সেনার ব্যান্ড ‘বন্দেমাতরম’ গানের বিশেষ সুর পরিবেশন করে। চলতি বছর এই ঐতিহাসিক গানের সার্ধশতবর্ষ (১৫০ বছর) উপলক্ষে প্রতিরক্ষা মন্ত্রক এই বিশেষ উদ্যোগ নিয়েছে।
লালকেল্লার সামনে বসা দেশের বিভিন্ন প্রান্তের প্রায় ২,৫০০ জন NCC ক্যাডেট এবং ‘মাই ভারত’ ভলান্টিয়াররা একসঙ্গে নির্দিষ্ট রঙের পোশাকে বসে মাঠের বুকে মানব-শৃঙ্খলের মাধ্যমে বিশাল হরফে ফুটিয়ে তোলেন “বন্দেমাতরম”। জাতীয় পতাকা উত্তোলনের এই জমকালো আনুষ্ঠানিকতা শেষ হওয়ার পর লালকেল্লার প্রাচীর থেকে দেশবাসীর উদ্দেশে তাঁর ঐতিহাসিক ভাষণ শুরু করেন প্রধানমন্ত্রী মোদী। ২০৪৭ সালের মধ্যে ভারতকে সম্পূর্ণ ‘বিকশিত ভারত’ (Developed India) হিসেবে গড়ে তুলতে দেশের যুবশক্তি ও আত্মনির্ভরতার ওপর বিশেষ জোর দেন তিনি।