প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-রাজ্যের স্কুলছাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে এবং তাঁদের আত্মরক্ষায় স্বাবলম্বী করে তুলতে এক বড় সিদ্ধান্ত নেওয়া হলো। পশ্চিমবঙ্গের সরকারি ও সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলগুলিতে ছাত্রীদের জন্য চালু হতে চলেছে ‘রানি লক্ষ্মীবাই আত্মরক্ষা প্রশিক্ষণ’ (Rani Laxmibai Self-Defense Training)। এই বিশেষ মেগা সেলফ ডিফেন্স ট্রেনিংয়ের রূপরেখা নির্ধারণ করে ইতিমধ্যেই একটি সুনির্দিষ্ট ও কড়া গাইডলাইন জারি করেছে পশ্চিমবঙ্গ সমগ্র শিক্ষা মিশন।
পশ্চিমবঙ্গ সমগ্র শিক্ষা মিশনের নির্দেশিকা অনুযায়ী, ছাত্রীদের শারীরিক ও মানসিকভাবে শক্তিশালী করে গড়ে তুলতেই এই পদক্ষেপ। সমগ্র রাজ্যের মোট ১৫, হাজার ২১১টি (১৫,২১১) স্কুলকে এই বিশেষ আত্মরক্ষা প্রশিক্ষণ প্রকল্পের আওতায় আনা হয়েছে। স্কুলের ষষ্ঠ শ্রেণি থেকে দ্বাদশ শ্রেণি (Class 6 to 12) পর্যন্ত সমস্ত স্কুলছাত্রী এই প্রশিক্ষণে অংশ নিতে পারবে।
স্কুলগুলির পঠনপাঠনের স্বাভাবিক সময়সূচি বজায় রেখেই এই প্রশিক্ষণের দিন ও সময় নির্ধারণ করা হয়েছে। সপ্তাহের প্রতি শনিবারের শেষ ক্লাসে নির্ধারিত সময়ে এই আত্মরক্ষার প্রশিক্ষণ দিতে হবে। প্রতিটি প্রশিক্ষণ সেশন বা ক্লাসের সময়কাল হবে ৪০ থেকে ৬০ মিনিট। স্কুলস্তরে ছাত্রীদের জুডো, ক্যারাটে বা মার্শাল আর্টের মতো মৌলিক আত্মরক্ষার কৌশল শেখানোর জন্য উপযুক্ত ও স্বীকৃতপ্রাপ্ত প্রশিক্ষকদের মাধ্যমে এই প্রশিক্ষণ দেওয়া হবে। শিক্ষা মিশনের এই বড় উদ্যোগের ফলে রাজ্যের স্কুলপড়ুয়া ছাত্রীদের আত্মবিশ্বাস ও নিরাপত্তা অনেকটাই বাড়বে বলে আশা প্রকাশ করেছে ওয়াকিবহাল মহল।