প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-ভোটের নির্ঘণ্ট যত এগিয়ে আসছে, ততই উত্তপ্ত হচ্ছে রাজনীতির আঙিনা। সোমবার সকালে হুগলির গোঘাট বিধানসভার বর্মা এলাকায় বিজেপি প্রার্থী প্রশান্ত দিগারের প্রচার মিছিলকে কেন্দ্র করে এলাকা কার্যত রণক্ষেত্রে পরিণত হয়। অভিযোগ, প্রচার চলাকালীন বিজেপি ও তৃণমূল কংগ্রেসের কর্মী-সমর্থকরা দফায় দফায় সংঘর্ষে জড়িয়ে পড়েন। এই ঘটনায় দুই পক্ষেরই বেশ কয়েকজন আহত হয়েছেন এবং উভয় পক্ষের গাড়ি ভাঙচুরের মতো অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হয়েছে।
সোমবার দুপুরে গোঘাটের বর্মা গ্রামে বিজেপি প্রার্থী প্রশান্ত দিগারের সমর্থনে একটি বর্ণাঢ্য মিছিল বের করা হয়েছিল। স্থানীয় সূত্রের খবর, মিছিলটি যখন গ্রামের মধ্য দিয়ে এগোচ্ছিল, তখন আচমকাই উত্তেজনা ছড়িয়ে পড়ে।
বিজেপির অভিযোগ: তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা লাঠিসোঁটা ও অস্ত্র নিয়ে মিছিলে হামলা চালিয়েছে। প্রার্থীর কনভয়ে থাকা একাধিক গাড়ি লক্ষ্য করে ইটবৃষ্টি করা হয় এবং প্রশান্ত দিগারের গাড়িটি ব্যাপক ভাঙচুর করা হয়। তাদের দাবি, এই হামলায় অন্তত ১৫-২০ জন বিজেপি কর্মী জখম হয়েছেন।
তৃণমূলের পক্ষ থেকে সমস্ত অভিযোগ অস্বীকার করে দাবি করা হয়েছে, বিজেপির মিছিল থেকেই প্ররোচনা দেওয়া হয়েছিল। এমনকি আরামবাগের তৃণমূল সাংসদ মিতালী বাগকে লক্ষ্য করেও হামলা চালানো হয়েছে বলে অভিযোগ। তাঁর দাবি, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভায় যাওয়ার পথে বিজেপি কর্মীরা তাঁর গাড়ির কাচ ভেঙে দেয় এবং তিনি সামান্য জখমও হন।
দুই পক্ষ মিলিয়ে বেশ কিছু কর্মী হাসপাতালে চিকিৎসাধীন, এবং বাকিরা অল্পবিস্তর আহত হয়েছেন বলে প্রাথমিক খবর । বিজেপি প্রার্থীর গাড়ি ছাড়াও সাংসদ মিতালী বাগের এসইউভি (SUV) গাড়ি এবং বেশ কিছু বাইক ভাঙচুর করা হয়েছে। খবর পেয়েই এলাকায় পৌঁছায় বিশাল পুলিশ বাহিনী ও কেন্দ্রীয় বাহিনী।
ঘটনার জেরে নির্বাচন কমিশনের পক্ষ থেকে জেলা প্রশাসনের কাছে বিস্তারিত রিপোর্ট তলব করা হয়েছে। এলাকায় বর্তমানে পুলিশি টহল চলছে এবং পরিস্থিতি থমথমে।
এই ঘটনাকে কেন্দ্র করে গোঘাটের রাজনৈতিক পারদ তুঙ্গে। বিজেপি প্রার্থী ইতিমধ্যেই গোটা ঘটনায় সোচ্চার হয়েছেন। অন্যদিকে তৃণমূল সাংসদ নিরাপত্তা ও সুষ্ঠু বিচারের দাবিতে সোচ্চার হয়েছেন।