প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-পশ্চিমবঙ্গে রাজনৈতিক পটপরিবর্তনের পর এক অভূতপূর্ব দৃশ্যের সাক্ষী থাকল তিলোত্তমা। বিগত সরকারের দীর্ঘদিনের ‘তোষণ রাজনীতি’র অবসান ঘটিয়ে এই প্রথমবার সম্পূর্ণ রাজ্য সরকারের তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে সাড়ম্বরে উদযাপিত হলো সাহিত্য সম্রাট ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্মবার্ষিকী। গতকাল সকালে কলেজ স্ট্রিটে বঙ্কিমচন্দ্রের পৈত্রিক ভিটেয় আয়োজিত সরকারি অনুষ্ঠানে উপস্থিত হয়ে এই বার্তা দেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

অনুষ্ঠানে ঋষি বঙ্কিমচন্দ্রের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে মুখ্যমন্ত্রী স্পষ্ট ভাষায় বলেন, “এতদিন বাংলায় মনীষী ও জাতীয়তাবাদকে সচেতনভাবে অবহেলা করা হয়েছে। আগের সরকার শুধু তোষণ, দুর্নীতি আর পরিবারতন্ত্র নিয়ে ব্যস্ত ছিল।” তিনি দাবি করেন, বঙ্কিমচন্দ্র বা রবীন্দ্রনাথ ঠাকুরের মতো জাতীয়তাবাদী আবেগের ধারকদের যোগ্য সম্মান দিতে ব্যর্থ হয়েছিল বিগত শাসকদল।

মুখ্যমন্ত্রী আরও জানান, বঙ্গে এখন একটি ‘রাষ্ট্রবাদী সরকার’ প্রতিষ্ঠিত হয়েছে, যার মূল লক্ষ্যই হলো বাংলার হারিয়ে যাওয়া গৌরব এবং সনাতন সংস্কৃতিকে পুনরুদ্ধার করা। আর সেই কারণেই এবার থেকে রাজ্য সরকারের উদ্যোগে প্রতি বছর বঙ্কিম জয়ন্তী পালন করা হবে। সরকারি স্তরে এই ধরনের উদ্যোগ রাজ্যের সাংস্কৃতিক ও রাজনৈতিক পরিমণ্ডলে এক নতুন যুগের সূচনা করল বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।