প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-আসন্ন কলকাতা পুরসভা নির্বাচনকে (KMC Election) কেন্দ্র করে তুঙ্গে উঠল বিজেপি ও তৃণমূলের রাজনৈতিক তরজা। পুরভোটের প্রস্তুতি খতিয়ে দেখতে কলকাতায় এসে সরাসরি তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে তাঁর নিজের বুথ ও ওয়ার্ডে প্রার্থী হয়ে জিতে দেখানোর খোলা চ্যালেঞ্জ ছুড়লেন কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপির কলকাতা পুরভোটের ইনচার্জ সুকান্ত মজুমদার। শনিবার কলকাতায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে একের পর এক বিস্ফোরক মন্তব্য করেন তিনি। বিজেপির প্রার্থী তালিকা নিয়ে তৃণমূলের কটাক্ষের কড়া জবাব দিয়ে সুকান্ত মজুমদার সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম টেনে বলেন, “রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী আগে নিজের বুথে জিতে দেখান। ওনাকে চ্যালেঞ্জ করছি, নিজের ওয়ার্ডে প্রার্থী হয়ে জিতে দেখান। আগে ঘর সামলান, তারপর বিজেপিকে দেখতে আসবেন।”
বিজেপির প্রার্থী তালিকা নিয়ে রাজনৈতিক মহলের তীব্র কৌতুহলের মাঝেই সুকান্ত মজুমদার এক বেনজির মন্তব্য করে বসেন। প্রার্থী পদ ও দলের নীতি নিয়ে কথা বলার সময় তিনি কটাক্ষের সুরে বলেন, “আমরা চাইলে ওনার (মমতা বন্দ্যোপাধ্যায়ের) বাড়ি থেকেও প্রার্থী করতে পারি, কিন্তু যোগ্যতার বিচারেই টিকিট দেওয়া হবে।” তিনি স্পষ্ট করে দেন যে, কে কতদিন ধরে দলে আছেন বা কার সাংগঠনিক ক্ষমতা কেমন—তার চেয়েও বড় বিষয় হলো ভোটে জেতার সক্ষমতা বা উইন্যাবিলিটি (Winability)। মানুষের কাছে যাঁর গ্রহণযোগ্যতা ও ভাবমূর্তি ভালো, তিনিই দলের টিকিট পাবেন। ড্রপবক্সে আবেদনকারীদের মধ্যে থেকে স্ক্রিনিং করে আগামী ২৬ অক্টোবর বিকেল ৫টার পর প্রার্থী তালিকা চূড়ান্ত করার প্রক্রিয়া শুরু হবে বলেও জানান তিনি। বিভিন্ন রাজনৈতিক মহলে ওঠা জোট-জল্পনা সম্পূর্ণ উড়িয়ে দিয়ে সুকান্ত মজুমদার স্পষ্ট জানিয়ে দিয়েছেন, কলকাতা পুরসভার ২০৯টি আসনেই এককভাবে পদ্ম প্রতীকে লড়াই করবে বিজেপি। এনসিপিআই বা অন্য কোনো দলের সঙ্গে জোটের তত্ত্বকে তিনি সম্পূর্ণ নস্যাৎ করেছেন।
পশ্চিমবঙ্গের সাম্প্রতিক রাজনৈতিক পরিবর্তনের পর আসন্ন এই পুরভোটকে পাখির চোখ করেছে বিজেপি। সুকান্ত মজুমদার জানান, বিজেপির মূল লড়াই কোনো নির্দিষ্ট দলের বিরুদ্ধে নয়, বরং নিজেদের বিগত পারফরম্যান্সের রেকর্ডকে ছাপিয়ে যাওয়া। গত বিধানসভা নির্বাচনে কলকাতার যে সমস্ত ওয়ার্ডে বিজেপি লিড পেয়েছিল, তার চেয়েও অনেক বেশি ওয়ার্ডে এবার জয় সুনিশ্চিত করাই লক্ষ্য। বিজেপি নেতৃত্বের দাবি, ২০৯টি ওয়ার্ডের মধ্যে সংখ্যাগরিষ্ঠতার ম্যাজিক ফিগার পার করে এবার কলকাতা পুরসভায় বসতে চলেছেন একজন ‘সনাতনী মেয়র’। পুরভোটের নির্ঘণ্ট প্রকাশের আগেই সুকান্ত মজুমদারের এই হাই-ভোল্টেজ চ্যালেঞ্জ ও মমতার বাড়ি থেকে প্রার্থী করার হুঁশিয়ারি বাংলার রাজনীতিতে তোলপাড় সৃষ্টি করেছে।