প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-উত্তরবঙ্গের অন্যতম প্রাচীন এবং জাগ্রত শক্তিপীঠ হিসেবে পরিচিত দক্ষিণ দিনাজপুর জেলার বোল্লা রক্ষা কালীমাতার পুজোয় এবার তৈরি হলো এক অনন্য ইতিহাস। বালুরঘাটের সাংসদ তথা কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী ডঃ সুকান্ত মজুমদারের বিশেষ উদ্যোগে তিন শতাব্দীরও বেশি প্রাচীন এই পুজোয় প্রথমবার আকাশপথে হেলিকপ্টার থেকে পুষ্পবৃষ্টি করা হলো। গতকাল, শুক্রবার (২৭ নভেম্বর) পুজোর সূচনায় মন্দির চত্বর এবং উপস্থিত লক্ষাধিক পুণ্যার্থীর ওপর গোলাপ ও গাঁদা ফুলের পাপড়ি বর্ষণ হতেই আবেগে ও জয়ধ্বনিতে মুখর হয়ে ওঠে গোটা বোল্লা প্রাঙ্গণ।
তারাপীঠ ও তারকেশ্বরের আদলে বোল্লা মায়ের আরাধনায় আকাশপথে পুষ্পবৃষ্টির পরিকল্পনা করেছিলেন সাংসদ সুকান্ত মজুমদার। রাজ্য প্রশাসনের প্রয়োজনীয় অনুমোদন নিয়ে গতকাল নির্ধারিত সময়ে হেলিকপ্টার মন্দিরের আকাশে চক্কর কেটে পুষ্পবৃষ্টি করে। এই ঐতিহাসিক মুহূর্তে মন্দির প্রাঙ্গণে নিজে উপস্থিত ছিলেন সুকান্ত মজুমদার। ভক্তদের সাথে দাঁড়িয়ে তিনি পুষ্পবৃষ্টির সাক্ষী থাকেন এবং বোল্লা মায়ের কাছে পুজো দিয়ে দক্ষিণ দিনাজপুর তথা রাজ্যবাসীর মঙ্গল কামনা করেন।
প্রতি বছর রাস পূর্ণিমার পরের শুক্রবার ঐতিহ্যবাহী এই পুজো অনুষ্ঠিত হয় এবং একে কেন্দ্র করে বসে উত্তরবঙ্গের অন্যতম বৃহৎ গ্রামীণ মেলা। এবছরও দক্ষিণ দিনাজপুর-সহ উত্তরবঙ্গের বিভিন্ন জেলা, এমনকী প্রতিবেশী নেপাল ও ভুটান থেকেও লক্ষাধিক ভক্তের সমাগম ঘটেছে বোল্লায়। পুণ্যার্থীদের এই বিপুল ভিড় সামাল দিতে এবং শান্তিপূর্ণভাবে পুজো সম্পন্ন করতে জেলা পুলিশ ও প্রশাসনের পক্ষ থেকে নজিরবিহীন নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। গোটা মন্দির চত্বর ও মেলা প্রাঙ্গণ মুড়ে ফেলা হয়েছে সিসিটিভি ক্যামেরায়, মোতায়েন করা হয়েছে ৪ হাজারেরও বেশি পুলিশকর্মী। সব মিলিয়ে সুকান্ত মজুমদারের উদ্যোগে এবারের পুষ্পবৃষ্টি বোল্লা মায়ের ৩০০ বছরের ইতিহাসে এক নতুন অধ্যায় যোগ করলো।