প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-কলকাতার রাস্তাঘাট থেকে শুরু করে রাজ্যের জেলায় জেলায় সাধারণ মানুষের দৈনিক যাতায়াত ব্যবস্থাকে আরও সস্তা, সুলভ এবং আধুনিক করতে এক যুগান্তকারী মাস্টারস্ট্রোক দিল পশ্চিমবঙ্গ রাজ্য সরকার। বেসরকারি অ্যাপ ক্যাব সংস্থাগুলির মাত্রাতিরিক্ত ভাড়া ও ‘শোষণ’ থেকে সাধারণ যাত্রী ও চালকদের মুক্তি দিতে এবার রাজ্য সরকারের তথ্য প্রযুক্তি ও ইলেকট্রনিক্স বিভাগ (DoIT&E) আনুষ্ঠানিকভাবে হাত মেলাল ‘সরকার Taxi Cooperative Limited’ বা ‘ভারত ট্যাক্সি’-র সঙ্গে।
গত ১৯ জুলাই, ২০২৬ তারিখে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তাঁর অফিসিয়াল ‘এক্স’ (সাবেক টুইটার) হ্যান্ডেলে এই ঐতিহাসিক সমঝোতাপত্র (MoU) স্বাক্ষরের কথা ঘোষণা করেছেন। প্ল্যাটফর্ম ইন্টারঅপারেবিলিটি-র মাধ্যমে রাজ্যের নিজস্ব ‘যাত্রী সাথী’ এবং ‘ভারত ট্যাক্সি’—দুই প্ল্যাটফর্মের প্রযুক্তি ও পরিষেবাকে একত্রিত করা হচ্ছে। এর ফলে সাধারণ যাত্রীরা এক অ্যাপেই আরও অনেক বেশি ট্যাক্সি ও দ্রুত বুকিংয়ের সুবিধা পাবেন।
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কলকাতার এক অনুষ্ঠানে স্পষ্ট জানান, এই কো-অপারেটিভ মডেলে চালকদের আর কোনো মালিকের অধীনে কাজ করতে হবে না। ট্যাক্সি চালক বা ‘সারথী’-রাই হবেন গাড়ির মালিক এবং সমবায়ের অংশীদার, যার ফলে লাভের সম্পূর্ণ টাকা সরাসরি চালকের পকেটে যাবে। বহুজাতিক অ্যাপ ক্যাব সংস্থাগুলির মতো চালকদের থেকে কোনো অতিরিক্ত কমিশন নেওয়া হবে না।
যোগ্য ‘যাত্রী সাথী’ পার্টনারদের জন্য সমবায় সদস্যপদ এবং একাধিক সরকারি কল্যাণমূলক প্রকল্পের সামাজিক নিরাপত্তা সুনিশ্চিত করা হবে। শুধু চারচাকা ক্যাবই নয়, গণপরিবহনকে আমজনতার আরও নাগালের মধ্যে আনতে খুব শীঘ্রই এই অ্যাপের অধীনে বাইক ট্যাক্সি (Bike Taxi) এবং অটো-রিকশা পরিষেবাও অন্তর্ভুক্ত করার কাজ দ্রুত গতিতে চলছে।