প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-রাজনীতি নিজের জায়গায়, কিন্তু অকালে চলে যাওয়া একটা তরতাজা প্রাণের অভাব পূরণ করা সম্ভব নয়। বাগনানে নৃশংসভাবে খুন হওয়া বিজেপি কর্মী প্রশান্ত দে-র শোকসন্তপ্ত পরিবারের পাশে দাঁড়িয়ে আজ এমনই মানবিক বার্তা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আজ বিকেলে নিহতের পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করে তিনি কেবল সান্ত্বনাই দেননি, বরং পরিবারটির ভবিষ্যৎ সুরক্ষিত করতে বড়সড় আর্থিক সাহায্য এবং সরকারি চাকরির ঘোষণাও করেন।
গত ১৭ জুন বাগনানের সন্তোষপুরে দুষ্কৃতীদের হামলায় প্রাণ হারান ৩৯ বছর বয়সী বিজেপি কর্মী তথা বুথ সহ-সভাপতি প্রশান্ত দে। উপার্জক্ষম সদস্যকে হারিয়ে পরিবারটি চরম আর্থিক ও সামাজিক অনটনের মুখে পড়েছে। আজ নিহত কর্মীর বাড়িতে গিয়ে মুখ্যমন্ত্রী তাঁর স্ত্রী, সন্তান এবং বৃদ্ধ বাবা-মায়ের সঙ্গে দীর্ঘক্ষণ কথা বলেন। তাঁদের এই কঠিন সময়ে সরকার ও দল সম্পূর্ণভাবে পাশে রয়েছে বলে আশ্বস্ত করেন তিনি।
পরিবারের সদস্যদের চোখের জল মুছিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এদিন নগদ ৫ লক্ষ টাকার আর্থিক সহায়তার চেক তুলে দেন নিহতের স্ত্রীর হাতে। এর পাশাপাশি, পরিবারের সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে বড় ঘোষণা করে তিনি বলেন, “প্রশান্ত দে-র পরিবারের একজনকে যোগ্যতা অনুযায়ী খুব দ্রুত সরকারি চাকরির ব্যবস্থা করে দেওয়া হবে। তাঁর সন্তানদের পড়াশোনার সম্পূর্ণ দায়িত্বও আমাদের।”
সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী আবেগঘন কণ্ঠে বলেন, “যারা এই নৃশংস ঘটনা ঘটিয়েছে, তারা কোনোভাবেই ছাড় পাবে না। কিন্তু এই মুহূর্তে আমাদের প্রথম এবং প্রধান কাজ হলো এই অসহায় পরিবারটিকে দাঁড় করানো। প্রশান্তর পরিবার যাতে কোনো অভাব-অনটনের মুখে না পড়ে, তা দেখার দায়িত্ব আমার।”
মুখ্যমন্ত্রীর এই মানবিক উদ্যোগে নিহতের পরিবার কিছুটা হলেও স্বস্তি পেয়েছে। প্রশাসনের এই দ্রুত ও সংবেদনশীল পদক্ষেপে বাগনানের সাধারণ মানুষের মধ্যেও ইতিবাচক প্রতিক্রিয়া দেখা গেছে।