প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-রাজ্য রাজনীতিতে এক ঐতিহাসিক ও আধ্যাত্মিক মুহূর্তের সাক্ষী থাকলো বেলুড় মঠ। মুখ্যমন্ত্রী পদের গুরুদায়িত্ব কাঁধে নেওয়ার পর, আজ প্রথমবার রামকৃষ্ণ দেবের পবিত্র পুণ্যভূমিতে পদার্পণ করলেন শুভেন্দু অধিকারী। প্রথাগত রাজনীতির জটিল আবর্ত থেকে দূরে, এক শান্ত, সৌম্য এবং সম্পূর্ণ ভিন্ন রূপে আজ ধরা দিলেন বাংলার নতুন মুখ্যমন্ত্রী। মঠ চত্বরে তাঁর উপস্থিতি ঘিরে আজ সকাল থেকেই ভক্ত ও সাধারণ মানুষের মধ্যে উন্মাদনা ছিল চোখে পড়ার মতো।

যাঁরা শুভেন্দু অধিকারীকে কাছ থেকে চেনেন, তাঁরা জানেন যে তাঁর রাজনৈতিক দৃঢ়তার অন্তরালে লুকিয়ে রয়েছে এক গভীর আধ্যাত্মিক মন। এটি কোনো আকস্মিক ঘটনা নয়, বরং তাঁর পারিবারিক সংস্কারের এক অবিচ্ছেদ্য অংশ। ক্ষমতার অলিন্দে থেকেও তিনি কখনো নিজের শিকড় এবং সনাতন সংস্কৃতিকে ভুলে যাননি। আজ বেলুড় মঠের পবিত্র পরিমণ্ডলে তাঁর সেই অন্তরের ভক্তিভাবই যেন পূর্ণরূপে প্রকাশ পেল। কড়া নিরাপত্তার ঘেরাটোপে শ্রীরামকৃষ্ণ দেবের মূল মন্দিরের গর্ভগৃহে যখন তিনি প্রবেশ করেন, তখন চারপাশের কোলাহল ছাপিয়ে এক পরম শান্ত সমর্পণের ছবি ফুটে ওঠে তাঁর অবয়বে। হাত জোড় করে, চোখ বুজে আরতি দর্শন করার সেই ভাবগম্ভীর মুহূর্তটি উপস্থিত সবাইকে আবেগপ্রবণ করে তুলেছিল।

গর্ভগৃহ দর্শন শেষে মুখ্যমন্ত্রী সরাসরি চলে যান রামকৃষ্ণ মঠ ও মিশনের পরম পূজনীয় প্রেসিডেন্ট মহারাজ স্বামী গৌতমানন্দ জির কক্ষে। সেখানে কোনো রাজনৈতিক দম্ভ নয়, বরং একজন সাধারণ ভক্তের মতো অত্যন্ত বিনম্রভাবে বরিষ্ঠ মহারাজদের পা ছুঁয়ে আশীর্বাদ নেন তিনি। মহারাজও পরম স্নেহে তাঁর মাথায় হাত রেখে আশীর্বাদ করেন। এরপর তিনি স্বামী বিবেকানন্দের স্মৃতিবিজড়িত ঘর এবং মা সারদাদেবীর মন্দিরে গিয়েও গভীর শ্রদ্ধায় পুষ্পাঞ্জলি ও প্রণাম নিবেদন করেন। উপস্থিত দর্শনার্থীদের মতে, সনাতন সংস্কৃতির প্রতি শুভেন্দুর এই নিঃশর্ত শ্রদ্ধা প্রমাণ করে যে, বাংলার শাসনভার এখন এক যোগ্য, সংস্কৃতিবান এবং অধ্যাত্ম-চেতনাদীপ্ত ব্যক্তিত্বের হাতে সুরক্ষিত।

মুখ্যমন্ত্রীর এই প্রথম সফরকে স্মরণীয় করে রাখতে বেলুড় মঠ কতৃপক্ষের পক্ষ থেকে তাঁর হাতে রামকৃষ্ণ-বিবেকানন্দ ভাবাদর্শের কিছু মূল্যবান গ্রন্থ উপহার হিসেবে তুলে দেওয়া হয়। মঠের সন্ন্যাসীদের সঙ্গে তাঁর এই আত্মিক বিনিময় আগামী দিনে রাজ্যের সামাজিক ও আধ্যাত্মিক পরিমণ্ডলে এক নতুন যুগের সূচনা করবে বলেই মনে করছে ওয়াকিবহাল মহল। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ক্ষমতার শীর্ষে থেকেও ক্ষমতার অহংকারকে দূরে সরিয়ে রেখে শুভেন্দু অধিকারী যেভাবে সন্ন্যাসীদের চরণে নিজেকে সঁপে দিলেন, তা এক নতুন ও ইতিবাচক রাজনৈতিক সংস্কৃতির পরিচয়বাহী। এই মার্জিত, নম্র ও ঐতিহ্যমনস্ক রূপ তাঁর অনুগামীদের যেমন উদ্বুদ্ধ করেছে, তেমনই আমজনতার চোখে তাঁর গ্রহণযোগ্যতা ও জনপ্রিয়তা আরও বহুগুণ বাড়িয়ে দিল।